রোজদিন ডেস্ক :
আমেরিকা হরমুজ প্রণালীতে নৌবহর পাঠিয়ে জাহাজ সরানোর চেষ্টা করলে ফল ভাল হবে না বলে কড়া হুঁশিয়ারি দিল ইরান। দেশের ইসলামিক রেভ্যুলেশনারী গার্ড কর্পস (আই আর জি সি) এর মুখপাত্র আলি মহম্মদ নৈনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমেরিকা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ প্রহরা দিয়ে নিয়ে যাওয়ার যে কথা বলেছে তাঁরা সেই বিষয়ে কড়া নজর রাখছেন। তাঁরা এর জন্য অপেক্ষা করছেন। তাঁর এই বক্তব্যে যুদ্ধের পারদ আরও চড়লো বলে মনে করা হচ্ছে। এই বিষয়ে আইআরজিসি মুখপাত্র ১৯৮৭ সালে মার্কিন সুপারট্যাঙ্কার ব্রিজটনের কি হাল হয়েছিল মনে করিয়ে
দেন৷
অন্যদিকে গত শনিবার শুরু হওয়া এই মারণ যুদ্ধে তারা কোন ভাবেই আত্মসমর্পণ করবে না বলে ইরান আজ ও জানিয়েছে। আমেরিকা – ইজরায়েলের যৌথ আক্রমণে আজ ও তেহরান সহ বহু এলাকা বিস্ফোরণের আঘাতে কেঁপে উঠেছে, কালো ধোঁয়ায় বাতাস ঢেকে গেছে, তাও পিছু হঠতে নারাজ তারা৷
ইতিমধ্যে ইরানে ১২৩০ জন প্রাণ হারিয়েছেন, স্টেডিয়াম সহ বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। অন্যদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তে আত্মসমর্পণ করতে বলেছেন। এরপর তাঁর নিশানা কিউবা বলেও ঘোষণা করেছেন।
ইরানের প্রত্যাঘাতে – ইজরায়েলেও বহু ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। উভয় পক্ষই এখন অবধি যুদ্ধে অনড় থাকায় উদ্বিগ্ন ভারত সহ বিশ্বের বহু দেশ।

Be the first to comment