রোজদিন ডেস্ক : দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে নির্বাচনের পথ প্রশস্ত হল হাওড়া পুরসভায়। শনিবার বিধানসভা অধিবেশনের শেষদিনে হাওড়া পুরসভা সংশোধনী বিল গৃহীত হল বিধানসভায়।এর ফলে হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা ৫০ থেকে বেড়ে ৬৬ হল। ২০১৮ সাল থেকে আইনি জটিলতার কারণে হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। এবার এলাকা পুনর্বিন্যাস করে ওয়ার্ড সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে হাওড়া ও বালি পুরসভা একত্রিত হওয়ার ফলে ওয়ার্ড সংখ্যা দাঁড়িয়েছিল ৬৬। কিন্তু ২০২১ সালে দু’টি পুরসভা আলাদা হয়ে গেলে আইন সংশোধনের প্রয়োজন পড়ে। সেই সংশোধনী বিলে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড় সই না করায় আইনি জটিলতা তৈরি হয় ফলে আটকে যায় হাওড়া পুরসভার নির্বাচন।বিল নিয়ে আলোচনায় পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, রাজভবনের অসহযোগিতার কারণেই এতদিন ভোট করা যায়নি। মন্ত্রী জানান, বারবার ঘোষণা করা সত্ত্বেও নির্বাচন করা সম্ভব হয়নি, কারণ ২০২১ সাল থেকে বিল রাজভবনে আটকে ছিল। পরে ডিলিমিটেশন করা হয়েছে। আপাতত প্রশাসনিক বোর্ড দক্ষতার সঙ্গে পুরসভা চালাচ্ছে বলেও জানান তিনি।

Be the first to comment