রোজদিন ডেস্ক : রাজ্যের প্রশাসনিক স্তরে ফের বড়সড় রদবদল। একসঙ্গে ২৩ জন আইএএস আধিকারিককে বদলি করল সরকার। কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের আইএএস সেলের তরফে জারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থে এবং অবিলম্বে এই বদলি কার্যকর হবে। বদলির তালিকায় রয়েছেন অর্থ, বাণিজ্যিক কর, কৃষি, খাদ্য ও সরবরাহ, তথ্যপ্রযুক্তি, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পরিবহণ এবং পুর প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিক। কমার্শিয়াল ট্যাক্সেসের কমিশনার খালিদ আজিজ আনওয়ারকে অর্থ দফতরের সচিব এবং কৃষি দফতরের সিনিয়র স্পেশ্যাল সেক্রেটারি সুরেন্দ্র কুমার মীনাকে কমার্শিয়াল ট্যাক্সেসের কমিশনার করা হয়েছে। অর্থ দফতরের সিনিয়র স্পেশাল সেক্রেটারি উমা শঙ্কর যাচ্ছেন আবাসন দফতরে। তথ্য ও সংস্কৃতি দফতরের ডিরেক্টর অংশুল গুপ্তকে খাদ্য ও সরবরাহ দফতরের ডিরেক্টর করা হয়েছে। জয়েন্ট চিফ ইলেক্টোরাল অফিসার দিব্যা মুরুগেশন যাচ্ছেন কলকাতা পুরসভার জয়েন্ট মিউনিসিপ্যাল কমিশনার পদে। দক্ষিণ ২৪ পরগনার এডিএম অবনীত পুনিয়াকে তথ্য ও সংস্কৃতি দফতরের স্পেশ্যাল সেক্রেটারি ও ডিরেক্টর করা হয়েছে।
এ ছাড়াও পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মালদহ, জলপাইগুড়ি, নদিয়া, হাওড়া এবং পশ্চিম মেদিনীপুরের একাধিক এডিএম-সহ আধিকারিকের দায়িত্বে বদল করা হয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর, অর্থ, পরিবহণ, বিদ্যুৎ এবং তথ্যপ্রযুক্তি দফতরেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে একাধিক আইএএস আধিকারিককে।

Be the first to comment