- নন্দীগ্রাম বিধানসভা এলাকায় একাধিক প্রকল্প উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবারের এই অনুষ্ঠানে স্বাস্থ্য থেকে রাস্তা, রেল থেকে ব্রিজ একাধিক বিষয়ে নয়া ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, দিলেন আশ্বাসও।
- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘আগের সরকারের আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড ছিল।’ স্বাস্থ্যসাথীর মাধ্যমে রাজ্যের ১৭০০ হাসপাতালে চিকিৎসার সুযোগ পাওয়া যেত। আয়ুষ্মান ভারতের কার্ডে সারা ভারতে চিকিৎসার সুযোগ পাওয়া যায়। তেমনই বিজেপি সরকারের আমলে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা প্রকল্পে রাজ্যে ১৯০০ সরকারি ও বেসরকারি হাসপাতালে সুযোগ পাওয়া যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বাইরে একাধিক প্রথমসারির হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ মিলবে।
- সুটিয়ার প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসের খুনের ঘটনায় বাবা জগদীশ চন্দ্র বিশ্বাসের সাক্ষ্য গ্রহণ হল। সোমবার বনগাঁ ফাস্ট ট্র্যাক কোর্ট ১-র অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের এজলাসে সাক্ষ্য দেন বরুণের পিতা। বয়সের ভারে এখন ঠিকমতো হাঁটতে পারেন না। সেই অবস্থায় এদিন সাক্ষ্য দিতে আসেন তিনি। প্রথমবারের জন্য আদালতে বরুণ বিশ্বাস খুনে ষড়যন্ত্রকারী হিসাবে প্রভাবশালী তৃণমূল কংগ্রেস নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জানিয়েছেন বরুণের বাবা।
- আগামী বছরের ৩১ মে পর্যন্ত ‘যোগ্য’ শিক্ষকদের চাকরি থাকছে, নির্দেশ সুপ্রিম কোর্টের। তবে এর পরে আর মেয়াদ বাড়ানো হবে না, ‘এটাই শেষ’, সোমবার স্পষ্ট জানিয়ে দেয় বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ। ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল মামলার শুনানি ছিল এ দিন সুপ্রিম কোর্টে।
- তোলাবাজির বিরুদ্ধে সাহস করে রুখে দাঁড়ানোর ডাক দিলেন পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ। রত্না দেবনাথ বলেন, ‘আমি বলবো আপনারা টাকা দেবেন না। যাঁরা টাকা নিতে আসছেন, মোবাইলে তাঁদের ফটো তুলে রাখবেন।’
- কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলেন ক্রিকেটার অভিষেক পোড়েল। ধর্ষণের অভিযোগে তিনি বর্তমানে হুগলি জেলে বন্দি রয়েছেন। সম্প্রতি তাঁর মামলা জরুরি ভিত্তিতে শুনানির জন্য আইনজীবীর মাধ্যমে আবেদন করেছিলেন তিনি। জরুরি ভিত্তিতে মামলা শোনার আর্জি খারিজ করে দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। যে দিন মামলাটি তালিকাভুক্ত হবে, সেই দিনই শুনানি হবে।
- হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মাটির বাড়ির দেওয়াল। আর তাতেই চাপা পড়ে প্রাণ গেল বাবা, মেয়ের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দাঁতন বিধানসভার অন্তর্গত বেলদা থানার জাহালদাতে। মৃতদের নাম নিরঞ্জন প্রধান ও দুর্গা প্রধান। আহত নিরঞ্জনের স্ত্রী ও ছেলে।
- দেশ জুড়ে হওয়া ৭২ কোটি টাকা সাইবার প্রতারণার সঙ্গে সরাসরি যুক্ত সাত জনকে বাঁকুড়ার জঙ্গলমহল থেকে গ্রেপ্তার করল বাঁকুড়া জেলা পুলিশ। ধৃতদের কাছ থেকে বিপুল সংখ্যক ব্যাঙ্কের পাসবুক, মোবাইল ফোন, ট্যাব, স্ট্যাম্প ও বিপুল পরিমাণ আধার কার্ড উদ্ধার করেছে বাঁকুড়া জেলা পুলিশ।
- প্রায় ৫ লক্ষ টাকার হেরোইন-সহ গ্রেপ্তার এক পাচারকারী। হেরোইন-এর আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৫ লক্ষ টাকা রবিবার গোপন খবরের ভিত্তিতে ছাতনি মোড় এলাকায় অভিযান চালিয়ে বিপুল মাদক উদ্ধার করে পূর্বস্থলী থানার পুলিশ। ধৃতের নাম ওয়াহিদ মোল্লা, বাড়ি বেনাকর এলাকায়।
- ভারতীয় সময়ে সোমবার রাতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন আর্জেন্তিনার মহাতারকা লিওনেল মেসি।

Be the first to comment