রোজদিন ডেস্ক : দল ছেড়েছেন, ছেড়েছেন সাংসদ পদও। কিন্তু প্রতিদিনই প্রায় নিয়ম করে দল ও দলের নেতৃত্বকে আক্রমণ শানিয়ে চলেছেন সুখেন্দুশেখর রায়। তৃণমূল দলটা কতটা খারাপ সেটা নিয়ে সংবাদমাধ্যমে মুখ খুলছেন তিনি। বেশির ভাগ ক্ষেত্রেই তাঁর নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ রবিবার দুপুরে সই জাল কাণ্ডে তাকে ফের তলব করেছে সিআইডি। তার আগে শনিবার অভিষেককে নিয়ে বর্ষীয়ান রাজনীতিবিদ সুখেন্দুশেখর রায় বলেন, একটা যে পাপচক্র গত ১৫ বছর ধরে বাংলার বুকে তৈরি হয়েছিল, তাদের নেতৃত্ব ছিল যে, তার যদি ঠিকমতো তদন্ত হয়, বালি পাচার থেকে শুরু করে কয়লা পাচার, গরু পাচার এবং তোলাবাজি। যে ধরনের তোলাবাজি, যেমন আজ একটা খবর পাওয়া গেছে যে, বিজিবিএস বা ইন্ডাস্ট্রিয়াল সামিটের নাম করে ৬৩৫ কোটি টাকা নাকি কোনও একটা সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছিল। সব কিছুরই তদন্ত হচ্ছে। এরকম যদি সমস্ত কিছুর তদন্ত হয়, তাহলে একে সারা জীবনের প্রায় অর্ধেক জীবন জেলেই কাটাতে হবে। এদিকে টানা তিনদিন জেরার মুখোমুখি হচ্ছেন অভিষেক। সই জাল তদন্তে রবিবার সিআইডি তাকে ফের তলব করেছে। এর আগে তাকে প্রায় সাড়ে ৫ ঘন্টা জেরা করেছে তারা। এবার দ্বিতীয় পর্ব। এছাড়া নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডিতে হাজিরা দিতে হবে তাকে। এরপর মঙ্গলবার ভোট প্রচারে উস্কানিমূলক ‘ডিজে বাজবে’ মন্তব্যের জন্য তাকে হাজিরার নোটিস ধরিয়েছে সিআইডি। সবমিলিয়ে প্রচণ্ড চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Be the first to comment