রোজদিন ডেস্ক, কলকাতা:- মুর্শিদাবাদের ফরাক্কা নতুন মহকুমা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এই বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক কাঠামোতে আরও একটি মহকুমা যুক্ত হল।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, নতুন ফরাক্কা মহকুমা গঠিত হচ্ছে চারটি ব্লক নিয়ে। এগুলি হল ফরাক্কা, সামশেরগঞ্জ, সুতি-১ এবং সুতি-২। এতদিন এই ব্লকগুলি জঙ্গিপুর মহকুমার অধীনে ছিল। জঙ্গিপুর মহকুমার বিশাল জনসংখ্যা এবং ভৌগোলিক বিস্তৃতির কারণে প্রশাসনিক কার্যক্রমে অতিরিক্ত চাপ পড়ছিল। এই চাপ কমানো এবং প্রশাসনিক পরিষেবা আরও কার্যকর করার লক্ষ্য নিয়েই ফরাক্কাকে পৃথক মহকুমা হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
সম্প্রতি মুর্শিদাবাদে একটি প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফরাক্কায় নতুন মহকুমা গঠনের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণার পরপরই রাজ্য প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং আজকের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হল।
নতুন মহকুমায় প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য মন্ত্রিসভা ১০৯টি চুক্তিভিত্তিক পদ তৈরির প্রস্তাবে অনুমোদন দিয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ফরাক্কার এসডিপিও অফিসেই আপাতত নতুন এসডিও বসবেন। সেখান থেকেই মহকুমা স্তরের প্রশাসনিক কাজ পরিচালিত হবে। জঙ্গিপুর মহকুমায় ইতিমধ্যেই দু’টি পৃথক পুলিশ মহকুমা (জঙ্গিপুর ও ফরাক্কা) রয়েছে।
প্রসঙ্গত, এদিনের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আরও একাধিক দফতরের নিয়োগের বিষয়ে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্থায়ী নিয়োগের পাশাপাশি কিছু অস্থায়ী পদও তৈরি করা হয়েছে। স্বরাষ্ট্র, স্বাস্থ্য, অর্থ, আইন এবং পুর দফতরের ৩৩৬টি পদ সৃষ্টি এবং শূন্যপদ পূরণের ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

Be the first to comment