রোজদিন ডেস্ক :
তাঁর জীবিত থাকা নিয়ে দেশ বিদেশে জল্পনা এখন তুঙ্গে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে আদিয়ালায় দীর্ঘ দিন কারাবন্দি পিতা ইমরান খান জীবিত কিনা তার প্রমাণ চাইলেন পুত্র কাসিম খান। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা প্রাক্তন ক্রিকেট তারকা পিতার মুক্তিরও দাবি করেছেন তিনি।
সমাজ মাধ্যমে তিনি জানান, গত দেড় মাস ধরে পিতা ইমরান খানকে নির্জন কক্ষে রাখা হয়েছে,যেখানে সাধারণত ফাঁসির আসামীদের রাখা হয়। পরিবারের কারও সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হচ্ছে না। তরুণ কাসিম এই ঘটনায় গভীর উদবেগ ব্যক্ত করে বলেন, তিনি ও তাঁর ভাই কোন ভাবেই তাঁদের বাবার সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এই নিয়ে তাঁদের পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছে।
পরশু কারাবন্দি ইমরান খানের মৃত্যুর খবর দাবানলের মত ছড়িয়ে পড়লে দেশ বিদেশে উদবেগ ছড়িয়ে পড়ে। গতকাল পাকিস্তান সরকার ও আদিয়ালা কারা কর্তৃপক্ষ একে গুজব বলে খারিজ করে দেয়। তারা ইমরান খান ভাল, সুস্থ আছেন বলে দাবি করেছে।
আজ ইমরান পুত্র কাসিম তাঁর সুস্থ থাকা নিয়ে পাকিস্তান সরকারের কাছে প্রমাণ দাবি করেন। পিতার নিরাপত্তা নিশ্চিত করতে তিনি আন্তর্জাতিক মহল ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলিকেও আর্জি জানিয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী পরিবারের সঙ্গে পিতার দেখা করার সুযোগ করে দেওয়ারও দাবি করেন তিনি।
ইমরানের বোন আলিমা খানও অভিযোগ করেন, কারাবন্দি ইমরান খানকে দেখতে দেওয়ার জন্য তাঁদের অনুরোধ বারবার প্রত্যাখ্যান করা হয়েছে।
পাকিস্তান সরকারের দাবি সত্বেও আদতে ইমরান খান কেমন আছেন তা নিয়ে ধোঁয়াশা এখন ও কাটেনি। যা নিয়ে দেশ বিদেশে উৎকন্ঠা দেখা দিয়েছে।

Be the first to comment