রোজদিন ডেস্ক : যেভাবে বিজেপি গায়ের জোরে কলকাতা কর্পোরেশনের অধিবেশন বাতিল করেছে তা আইন বিরুদ্ধ। এটা মানা যায় না। এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি খতিয়ে দেখছে দল। শুক্রবার বিকেলে কালীঘাটের বাড়িতে কলকাতা পুরসভার কাউন্সিলরদের নিয়ে বৈঠকে এমনই বার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাদের উদ্দেশ্যে নেত্রীর আরও নির্দেশ, রাস্তায় নেমে তৃণমূল কাউন্সিলরদের এ ঘটনার প্রতিবাদ করতে হবে। মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছেন সকলকে একজোট করে রাস্তায় নামার। প্রতিবাদ কর্মসূচি নিতে হবে। একই কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, লড়াই চালিয়ে যেতে হবে। বৈঠকে বাড়ি ভাঙার প্রসঙ্গে উঠলে, নেত্রী বলেন এভাবে নোটিশ দিয়েই বাড়ি ভাঙা যায় না। তার নির্দিষ্ট কিছু পদ্ধতি আছে। নিয়ম, কানুন আছে। হিয়ারিং করতে হয়। নির্দিষ্ট অভিযোগ থাকলে অভিযুক্তদের বক্তব্য শুনতে হয়। নোটিশ দিয়েই বুলডোজার নিয়ে বাড়ি ভাঙতে চলে এলাম, এ-জিনিস কোথাও হয় না, করাও যায় না। এখানে গা জোয়ারি চলছে। উপস্থিত কাউন্সিলররা সকলেই জানিয়েছেন, তাঁরা আচমকা কর্পোরেশনের কন্ট্রোল রুমের ফোন নম্বর থেকে বৃহস্পতিবার রাতে অধিবেশন বাতিলের খবর পেয়েছেন এবং বাড়িতে চিঠি পেয়েছেন। যা কিনা মেয়র কিংবা কর্পোরেশনের চেয়ারপারসন মালা রায়ের সম্মতিতে হয়নি। এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ নেত্রী অবিলম্বে প্রতিবাদ কর্মসূচি নেওয়ার নির্দেশ দিয়েছেন ফিরহাদ হাকিমকে। ডোরিনা ক্রসিং কিংবা আশেপাশে কোথাও এই কর্মসূচির আয়োজন করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ৯ নম্বর বরোর চেয়ারপার্সন দেবলীনা বিশ্বাসের পরিবর্তে আগামী সাতদিনের মধ্যে নতুন কাউকে বেছে নেওয়ার নির্দেশ দিয়েছেন নেত্রী।

Be the first to comment