রোজদিন ডেস্ক : মাত্র ৪৯ বছরেই থামল একদা দেশের পয়লা নম্বর শুটার যশপাল রানার পথচলা। শুক্রবার সকালেই আচমকা এল তাঁর মৃত্যু সংবাদ। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এনআরএআই। কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল। তাঁর হৃদযন্ত্রে স্টেন্ট বসানো হয়েছিল। এরই মধ্যে শুক্রবার সকালে তিনি ফের হৃদরোগে আক্রান্ত হন। দিল্লির ম্যাক্স হাসপাতালে তাঁর মৃত্যু হয়। দেশের হয়ে এশিয়ান গেমসের সোনা-সহ একাধিক আন্তর্জাতিক সম্মান এনেছিলেন তিনি। গত কয়েক বছর তিনি ভারতের অলিম্পিক পদকজয়ী শুটার মানু ভাখরের কোচের দায়িত্বে ছিলেন। পারবারিক সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে মিউনিখ শুটিং বিশ্বকাপ থেকে দেশে ফেরার সময় বিমানেই হৃদ্রোগে আক্রান্ত হন রানা। দিল্লির হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন অলিম্পিয়ান। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু শুক্রবার সকালে ফের হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে গেলেন শুটার যশপাল রানা। খেলোয়াড় হিসাবে অর্জুন পুরস্কার পাওয়ার পাশাপাশি কোচ হিসাবে দ্রোণাচার্য পুরস্কারও পেয়েছেন রানা। ১৯৭৬ সালে উত্তরাখণ্ডে তাঁর জন্ম। ১৯৯৪ সালে প্রথম বার দেশের প্রতিনিধিত্ব করেন। এশিয়ান গেমসে ২৫ মিটার সেন্টার ফায়ার পিস্তলে সোনা জেতেন। ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে তিনটি সোনা জিতে নজর কাড়েন। একটি ইভেন্টে বিশ্বরেকর্ডও করেন। পরে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানও দেয়।

Be the first to comment