বছর চারেক আগে এ রকমই এক পুজোর মধ্যে কেঁপে উঠেছিল বর্ধমানের খাগড়াগড়া। এ বার কি তবে উত্তরবাংলা?
কেন্দ্রীয় গোয়েন্দাদের কাছে খবর, শারদোৎসবের মাঝেই বাংলায় নাশকতার টার্গেট নিয়েছে বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী জামাতুল মুজাহিদ্দিন (জেএমবি)। দু’জন পাণ্ডা কোচবিহারের দিনহাটায় এসে ঘাঁটি গেড়েছে বলেও খবর। আরও দু’জন অনুপ্রবেশের চেষ্টা করছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। নেপাল সীমান্ত দিয়ে আসছে কিছু বিস্ফোরকও।
আইবি অফিসারদের ভাষায় এটি বি-টু লেভেলের বিষয়। অর্থাৎ অত্যন্ত স্পর্শকাতর। কোচবিহারের পুলিশ সুপার ভোলানাথ পাণ্ডে জঙ্গি অনুপ্রবেশের এই ইনপুটের খবর স্বীকার করে নিয়েছেন। জানিয়েছেন, নাশকতা রুখতে সমস্ত রকম ব্যবস্থা নেবে প্রশাসন।
মহম্মদ সালাউদ্দিন, মহম্মদ জহিরুল, মহম্মদ রকিব এবং মহম্মদ রিয়াজ আলি নামের চার জঙ্গি এই নাশকতার টার্গেট করেছে বলে জানতে পেরেছেন গোয়েন্দা আধিকারিকরা। সূত্রের খবর, যে দু’জন দিনহাটায় ঢুকেছে তারা কোনও যৌনপল্লীতে আশ্রয় নিয়েছে। যৌনপল্লী ঘিরে ফেলেছে সাদা পোশাকের পুলিশ। ময়দানে নেমেছে বিএসএফ-ও। চলছে চিরুনি তল্লাশি।

Be the first to comment