রোজদিন ডেস্ক : জল জীবন মিশনের দ্বিতীয় পর্যায়ের প্রকল্পে পশ্চিমবঙ্গের জন্য ৩৯ হাজার কোটি টাকার কেন্দ্রীয় সহায়তার অনুমোদন মিলল। সোমবার কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভার্চুয়াল বৈঠকে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলার মানুষ ডাবল ইঞ্জিন সরকারে আস্থা রেখেছেন। তিনি দাবি করেন, গত পাঁচ বছরে কেন্দ্র পশ্চিমবঙ্গকে ২৯ হাজার কোটি টাকা দিলেও প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়নি এবং বহু ক্ষেত্রে কাজ শুধু কাগজে-কলমেই আটকে ছিল। তাঁর অভিযোগ, মাঝখানে প্রকল্পের নাম বদলে ‘জল স্বপ্ন’ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী জানান, দ্বিতীয় পর্যায়ে ৩৯ হাজার কোটি টাকার নতুন চুক্তির মাধ্যমে প্রতিটি ঘরে নলবাহিত পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ আরও গতি পাবে। এর পাশাপাশি সেচ প্রকল্পের ক্ষেত্রেও কেন্দ্রীয় সহায়তা চেয়েছেন তিনি। তাঁর বক্তব্য, রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতিতে কেন্দ্রের সহযোগিতা ছাড়া বৃহৎ পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন কঠিন। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাতিল জানান, ২০২৬ সালে ‘জল জীবন মিশন ২’ শুরু হয়েছে ১ লক্ষ ৬৯ হাজার কোটি টাকার বাজেট নিয়ে, যা ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে। তাঁর দাবি, ২০১৯ সালে পশ্চিমবঙ্গের মাত্র ১ শতাংশ গ্রামীণ পরিবারে নলবাহিত পানীয় জল পৌঁছত, বর্তমানে সেই হার বেড়ে ৫৬ শতাংশ হয়েছে। পাতিল আরও জানান, মোট বরাদ্দের মধ্যে কেন্দ্রের অংশ ৩৩ হাজার ৩৬৩ কোটি টাকা হলেও এখনও পর্যন্ত প্রায় ১৩ হাজার কোটি টাকা খরচ হয়েছে এবং ১১ হাজার ৬৭০ কোটি টাকা অব্যবহৃত রয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি সোমান্না, রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল, কেন্দ্রীয় পানীয় জল ও স্বচ্ছতা বিভাগের সচিব অশোক কে কে মিনা, পশ্চিমবঙ্গের প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার দুষ্মন্ত নারিয়ালা-সহ কেন্দ্র ও রাজ্যের শীর্ষ আধিকারিকরা।

Be the first to comment