রোজদিন ডেস্ক : পনের মাস আগে আর জি করের তরুণী চিকিৎদকের ভয়ংকর ধর্ষণ, হত্যাকান্ডের ঘটনায় স্তম্ভিত হয়েছিল সারা দেশ। এই রাজ্য, দেশের সীমানা ছাড়িয়ে বিদেশে ও অভয়ার বিচারের দাবিতে সোচ্চার হয়েছিলেন লাখো মানুষ।। তবু বিচার মেলেনি বলে এখনও আক্ষেপ করেন অভয়ার অসহায় মা, বাবা, সহকর্মী, শুভানুধ্যায়ীরা। আজ অভয়ার জন্মদিনে তাঁরা এক সুরে গর্জে উঠেছেন। অভয়ার বিচার তাঁরা ছিনিয়ে আনবেন বলে অঙ্গীকার করেছেন। আর অভয়ার বাবা বলেছেন কিভাবে তাঁর একমাত্র মেধাবী কন্যা সন্তানের নৃশংস নির্যাতন, হত্যাকান্ডর বিচার তাঁরা আজ ও পাননি। সিবিআই, রাজ্য সরকার, বিচার বিভাগেও পাননি সুবিচার। দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ। দুর্নীতির পাঁকে নিমজ্জিত এই সরকারের বিরুদ্ধে আসন্ন বিধান সভার নির্বাচনে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন।
আজ দুপুরে অভয়া মঞ্চ, পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষে মেট্রো চ্যানেলের প্রতিবাদ সভায় একরাশ ক্ষোভ উগরে দেন অভয়ার বাবা। আয়োজক সংগঠনগুলির পক্ষে জানানো হয়, অভয়ার বিচারের দাবিতে পাঁচ লক্ষ মানুষের স্বাক্ষর সম্বলিত আবেদন নিয়ে তাঁরা শীর্ষ আদালতে যাবেন। দাবিপত্র পেশ করবেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতিকে।
অভয়া মঞ্চের পক্ষে চিকিৎসক তমোনাশ চৌধুরী বলেন, অভয়ার মত ঘটনার পুনরাবৃত্তি এড়াতে গণ আন্দোলনই একমাত্র পথ। অভয়ার বিচারের দাবিতে তাঁরা দিল্লিতে বিক্ষোভ দেখাবেন। প্রতিবাদীদের স্বাক্ষর-সহ শীর্ষ আদালত, প্রধান বিচারপতিকে দাবিপত্র পেশ করবেন।
দু-ঘণ্টার বেশি চলা এই সমাবেশে অভয়ার মা বাবা, দেবাশিস হালদার, অম্বিকেশ মহাপাত্র, লিমা রায় চৌধুরী, কুশল কর, দেবজ্যোতি সরকার প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। বহু সাধারণ মানুষও সেখানে অংশ নেন।
অভয়ার বাবা স্বাস্থ্যমন্ত্রী দুর্নীতি রোধে ব্যর্থ অভিযোগ করে তাঁর পদত্যাগ দাবি করেন। বলেন, মুখ্যমন্ত্রী অভয়ার মৃত্যু তদন্ত সিবিআইকে দেন, যাতে উনি সিবিআই-কে দোষ দিতে পারেন। তাঁর কন্যার ভয়ংকর ঘটনায় প্রকৃত অপরাধীরা ধরা পড়েনি বলে দাবি করেন।
সূত্রের খবর, উদ্যোক্তারা এই সমাবেশের পর আর জি করে যাবেন, সেখান থেকে যাবেন অভয়ার বাসভবন সোদপুর। সেখানে মোমবাতি মিছিল হবে।

Be the first to comment