রোজদিন ডেস্ক : এসআইআর আবহে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরুর আগে শিক্ষক নিয়ে কিছুটা সমস্যায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ১২ ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক শুরু হওয়ার কথা আগে জানিয়ে ছিলেন সংসদ-সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। এদিন কোনও বিভ্রান্তিকর গুজবে কান না দিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ বার্তা দিলেন তিনি। শিক্ষকদের ওপর এসআইআর-এর চাপ দেওয়া হচ্ছে। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে উচ্চমাধ্যমিক ও মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় শিক্ষকের ঘাটতি হলে তা কীভাবে পূরণ করা হবে। সেই নিয়ে এদিন সংসদের তরফে জানানো হয় ইতিমধ্যেই এই নিয়ে বিকাশ ভবন ও কমিশনকে জানানো হয়েছে। সংসদের তরফে সবরকম ভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে। শিক্ষকের ঘাটতি হলে যে সমস্ত স্কুলে পরীক্ষা কেন্দ্র পড়েনি সেখান থেকে শিক্ষকদের এনে কাজে লাগানো হবে। প্রয়োজন পড়লে প্রাথমিক স্কুল থেকেও শিক্ষকদের আনা হবে। এদিন নিরাপত্তার বিষয়টি নিয়েও সংসদের প্রস্তুতির কথা জানান সভাপতি। তৃতীয় সেমিস্টারের মতো চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রেও প্রশ্নপত্রে কিউআর কোড থাকবে। কোনওভাবেই প্রশ্ন ফাঁস করতে গেলে তা সঙ্গে সঙ্গে ধরা পড়বে সংসদের নজরদারিতে। একেবারে প্রতিযোগিতামূলক পরীক্ষার মতো আঁটসাঁট নিরাপত্তায় তৈরি হচ্ছে প্রশ্নপত্র। এছাড়াও চতুর্থ সেমিস্টারের পরীক্ষার্থীদের জন্য যেকোনও রকমের বৈদ্যুতিন গেজেট ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে পুরনো সিলেবাসে যারা পরীক্ষা দেবে তারা সংসদের অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। সংসদের তরফে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে একটি করে মেটাল ডিটেক্টর দেওয়া হয়েছে এবং পরীক্ষা কেন্দ্র পড়েছে এমন স্কুলগুলিকে নিজেদের একটি করে মেটাল ডিটেক্টর কিনতে বলা হয়েছে। পুলিশের উপস্থিতিতে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের চেক করা হবে। সভাপতি সাফ জানিয়েছে, যদি কোনও পরীক্ষার্থীর থেকে ফোন বা ইলেকট্রনিক গেজেট কিছু মেলে তাহলে ওই পরীক্ষার্থীর সেদিনের পরীক্ষা-সহ আগের পরীক্ষাও বাতিল করা হবে।
এবারে পুরনো পরীক্ষার্থীদের জন্য ১৬ পাতা এবং চতুর্থ সেমিস্টারের নতুন পরীক্ষার্থীদের জন্য ২৪ পাতার উত্তরপত্র দেওয়া হবে। পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে প্রশ্নপত্র হাতে পাবেন পরীক্ষার্থীরা। চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র সাদা খামে, তৃতীয় সেমিস্টারের সাপ্লিমেন্টারি প্রশ্নপত্র হলুদ রঙের খামে এবং পুরনো সিলেবাসের পরীক্ষার্থীদের প্রশ্নপত্র থাকবে নীল খামে মোড়া।

Be the first to comment