রোজদিন ডেস্ক : বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে আক্রমণ করতে গিয়ে মেজাজ হারালেন তৃণমূলের বিতর্কিত সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি তুই, তোকারি করেও সম্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রীকে। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। এর আগে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনকে এসআইআর সংক্রান্ত মন্তব্যে পালটা দিয়ে সুকান্ত গুলি চলার হুমকি দেন। এদিন তারই পালটা দিয়ে এসআইআর ইস্যুতে কল্যাণ বলেন, বেআইনি কাজ করুক না। একটা ভোটারকে বাদ দিয়ে দেখুক। স্তব্ধ করে দেব কমিশন। ওই ছেলেটা এখন যে মন্ত্রী হয়েছে, এবার দেখ না সিআইএসএফ কোথায় গুলি চালায়? বালুরঘাটে দশ হাজার ভোটে জিতেছে, এবার দেখছি আমরা কী করতে পারে। গুলি চালাবে বলছে, কত বড় হিম্মত। বাংলার মানুষকে তোরা চিনিস না। ওই দু’চারটে সুকান্ত, হাওয়া দিলেই উড়ে যাবে। আয় না একবার আমাদের এখানে। তুই শ্রীরামপুরে একবার আয়। কীভাবে তুই ঘরে ফিরিস দেখব, প্রকাশ্যে এই ভাষাতেই সুকান্ত মজুমদারকে হুমকি দেন তৃণমূল সাংসদ। সুকান্ত মজুমদার কল্যাণের কথা উড়িয়ে দিয়ে বলেন, ওর বয়স হয়ে গিয়েছে, মানসিক অবস্থাও ভালো নয়। তাই এসব বলছে।

Be the first to comment