রোজদিন ডেস্ক, কলকাতা:- কসবা আইন কলেজে ধর্ষণের ঘটনা নিয়ে রাজনৈতিক যুদ্ধের মধ্যে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। এ প্রসঙ্গে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কটাক্ষ করেন তিনি।
কল্যাণ এদিন অভিযোগ করেন, উত্তরপ্রদেশ এবং দিল্লিতে সর্বাধিক সংখ্যক ধর্ষণের ঘটনা ঘটলেও তা নিয়ে নীরব তাঁরা। তিনি বলেন, “সবচেয়ে বেশি ধর্ষণ হচ্ছে উত্তরপ্রদেশে, বেশিরভাগই ঘটছে দিল্লিতে, প্রতিদিন গড়ে ৪টি ধর্ষণ দিল্লিতে ঘটে। নরেন্দ্র মোদী কী করেন, অমিত শাহ কী করেন? উত্তরপ্রদেশে প্রতিদিন ধর্ষণ হচ্ছে, প্রতিদিন গণধর্ষণের ঘটনা ঘটছে। উত্তরপ্রদেশে ধর্ষণের পর ১০ দিন পর অভিযুক্তদের ছেড়ে দেওয়া হয়।”
বেশ কয়েকদিন আগেও তিনি এ বিষয়ে সরব হয়েছিলেন। তিনি বলেছিলেন, “কসবা প্রসঙ্গে আমাদের অবস্থান স্পষ্ট— মহিলাদের উপর অপরাধের ক্ষেত্রে বরাবরই ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হয়েছে এবং ভবিষ্যতেও করা হবে। যারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে যেন কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হয়।’’
আজও সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই বিজেপি ও সিপিএমকেও আক্রমণ করলেন তিনি। তিনি আরও বলেন, “যদি নরেন্দ্র মোদী সিপিএমের আমলে এখানে আসতেন, তাহলে আমি বুঝতে পারতাম। কিন্তু নরেন্দ্র মোদী এখানে আসছেন যখন পশ্চিমবঙ্গে গণতন্ত্র রয়েছে। যখন পশ্চিমবঙ্গে কোনও গণতন্ত্র ছিল না, তখন নরেন্দ্র মোদী এবং অমিত শাহের পশ্চিমবঙ্গে এসে সিপিএমের বিরুদ্ধে লড়াই করার সাহস ছিল না।”

Be the first to comment