সাতসকালে কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক, জারি সতর্কতা

Spread the love

রোজদিন ডেস্ক : শনিবার সাতসকালে কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্কের হুমকি। আর তার জেরে হুলস্থুল কাণ্ড। জারি একাধিক সতর্কতা, চলছে চিরুনি তল্লাশি। যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন সকালে কলকাতা থেকে শিলংগামী ৬ই-৭৩০৪ বিমানে বোমাতঙ্ক ছড়ায়। ইন্ডিগোর ওই বিমানের টয়লেট অর্থাৎ শৌচাগার থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার হয়। বিমানের এক ক্রু ওই চিরকুট প্রথম দেখতে পান। ওই চিরকুটে লেখা রয়েছে যে বিমানে বোমা রাখা আছে। এরপরই তুমুল আতঙ্ক ছড়ায়। বিমানের ক্রু সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষকে গোটা বিষয়টি জানান। একে একে সমস্ত যাত্রীদের ওই বিমান থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এরপর বিমানটিকে সতর্কতার সঙ্গে আলাদা বে-তে সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং গোটা বিমানে তল্লাশি শুরু হয়। সর্বশেষ খবর এখনও তল্লাশি চলছে, তবে আপত্তিকর কিছু মেলেনি। বিমানবন্দরে এখনও আতঙ্ক রয়েছে। জারি হয়েছে একাধিক সতর্কতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*