রোজদিন ডেস্ক : এসআইআর নিয়ে এই রাজ্যে তুঙ্গে বিতর্ক। এরই মধ্যে এসআইআর নিয়ে একটি আরটিআই সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। কোন বিজ্ঞপ্তির মাধ্যমে রাজ্যে ভোটার তালিকায় এসআইআর প্রক্রিয়া করা হয়েছে, জানতে চাইল হাইকোর্ট। বুধবার এই সংক্রান্ত এক মামলায় কমিশনের আধিকারিককে ওই তথ্য ৭ দিনের মধ্যে আবেদনকারীকে জানানোর নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। মামলাকারীর বক্তব্য, কমিশনের সিদ্ধান্তে রাজ্যে এসআইআর হয়েছে। এর উদ্দেশ্য বৈধ ভোটারের নাম তালিকায় যুক্ত করা। তালিকায় থাকা অনুপ্রবেশকারী, মৃত ভোটারদের নাম বাতিল করা। এই আবেদনে তিনি জানিয়েছেন, কমিশনের কাছে নিশ্চয় তথ্য আছে কে অনুপ্রবেশকারী বা কোন বিদেশির নাম ভোটার তালিকায় রয়েছে। তাই মামলাকারী আরটিআইয়ের অধীনে নির্বাচন কমিশনের কাছে তথ্য চেয়ে আবেদন জানিয়েছেন৷ আবেদনে উল্লেখ করা হয়েছে, কোন সার্কুলারের ভিত্তিতে রাজ্যে এসআইআর প্রক্রিয়া হয়েছে এবং যে নথিতে অনুপ্রবেশকারীদের তথ্য রয়েছে, তা আবেদনকারীকে দেওয়া হোক। মামলাকারীর দাবি, কোনও কারণ না দেখিয়ে সারা রাজ্যে এসআইআর করা হচ্ছে। যা পুরোপুরি আইনবিরুদ্ধ। আমরা আরটিআই করে জানতে চেয়েছিলাম, কোন আইনের ভিত্তিতে কমিশন এটা করছে? বিদেশিদের কোন তথ্যের ভিত্তিতে এসআইআর করতে হচ্ছে? নিশ্চয় কমিশনের কাছে এমন কোনও তথ্য আছে, যার ভিত্তিতে কমিশন মনে করছে ভারতীয় নাগরিকদের বাইরে বিদেশি নাগরিকরাও আছেন, যাঁরা নির্বাচনে অংশ নিয়ে জনাদেশ পাল্টে দিতে পারেন। কমিশন মানুষকে এই কারণ জানায়নি। তাই আমরা আরটিআই করে তা জানতে চেয়েছিলাম। কিন্তু কমিশন কোন সার্কুলারের ভিত্তিতে এসব করা হচ্ছে সেই তথ্য এখনও দেয়নি। আগামী সপ্তাহে মামলার পরবর্তী শুনানি হতে পারে।

Be the first to comment