রোজদিন ডেস্ক : রাজ্যের সড়ক মানচিত্রে নয়া সংযোজন। ৪৫ কিলোমিটার দীর্ঘ কলকাতা-কল্যাণী অত্যাধুনিক ঝকঝকে এক্সপ্রেসওয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হল সোমবার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয় এদিন রাস্তার আনুষ্ঠানিক উদ্নোধন করেন। এদিন দোল ও হোলির মিলন উৎসবের মঞ্চে কলকাতার সঙ্গে কল্যাণীর সংযোগকারী বিশ্বমানের ৪৫ কিমি দীর্ঘ সুপার হাইওয়ে-কল্যাণী এক্সপ্রেসওয়ের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নতুন সড়ক সোদপুর, ব্যারাকপুর, নৈহাটী এবং অন্যান্য দিকের মধ্যমগ্রাম, বারাসাত, আমডাঙার মত শহরের যানজটপূর্ণ রাস্তাগুলিকে এড়িয়ে কলকাতা বিমানবন্দরের যোগাযোগ রক্ষাকারী বাইপাস হিসেবে কাজ করবে। এই রাস্তাটি জাতীয় সড়ক ২, রাজ্য সড়ক ১, রাজ্য সড়ক ২ এবং জাতীয় সড়ক ১২ (পুরাতন ৩৪)-র সঙ্গে সংযোগ স্থাপন করবে।
এছাড়াও এদিন উদ্বোধন হল নিমতায় বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েগামী ৩ লেনের ১.৫ কিমি দীর্ঘ ফ্লাইওভারের। কাপা থেকে বড় জাগুলি এনএইচ ১২ এর সাথে সংযোগকারী পর্যন্ত ৬.৫ কিমি দীর্ঘ ৬ লেনের এলিভেটেড করিডোরেরও উদ্বোধন করা হল। ৪/৬ লেনের এই সিগন্যাল ফ্রি এক্সপ্রেসেওয়েতে ২১ টি ফ্লাইওভার রয়েছে, আছে আন্ডারপাস। এই নতুন রাস্তার ফলে মাত্র ৪০ মিনিটের মধ্যে পৌঁছন যাবে কলকাতা থেকে কল্যাণী। আগে এই দূরত্ব পার করতে সময় লাগত কমপক্ষে ২ ঘণ্টা। আন্তর্জাতিক মানের এই প্রকল্পে মোট খরচ হবে ৩৩৫৫.৯৪ কোটি টাকা।
কল্যাণী এক্সপ্রেসওয়ের সঙ্গে সংযুক্ত হতে চলেছে নির্মীয়মান গঙ্গার উপরের ৬ লেনের দ্বিতীয় ঈশ্বর গুপ্ত সেতু। রাজ্য সরকারের অধীন ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভলপমেন্ট কর্পোরেশান লিমিটেড সংস্থার তরফে কাজটি করা হয়েছে। নতুন এই রাস্তা চালু হলে উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি জেলার মানুষের যাতায়াতে অনেক পরিবর্তন হবে। খুব সহজেই উত্তরবঙ্গগামী যানগুলি বারাসতের যানজট এড়িয়ে গন্তব্যে পৌঁছতে পারবে। কলকাতা থেকে কল্যাণী এইমসে পৌঁছনও অনেকটাই সহজ হয়ে যাবে। স্বাভাবিক ভাবেই এর ফলে মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নতি হবে।
এদিন ওই মঞ্চ থেকেই পূর্ব ঘোষণা মত এসআইআর আতঙ্কে মৃত ৩৬ জনের পরিবারের একজন সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment