রোজদিন ডেস্ক : ভাদ্র মাসের অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত। এই তিথিতে তারা মায়ের আরাধনা করা হয়ে থাকে। তারাপীঠে সারা রাত ধরে চলে মায়ের পুজো। এই দিনে বহু ভক্ত সমাগমে উপচে পড়ে তারাপীঠ। তন্ত্র সাধনার জন্যও কৌশিকী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি। এই দিনেই সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন বামাক্ষ্যাপা।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে কৌশিকী অমাবস্যা পড়ছে আগামিকাল ২২ আগস্ট ২০২৫ শুক্রবার। বাংলা মতে কাল ৫ ভাদ্র। অমাবস্যা পড়ছে সকাল ১১ টা ৫৮ মিনিটে। শনিবার ২৩ আগস্ট বা ৬ ভাদ্র সকাল ১১ টা ৩৭ মিনিটে অমাবস্যা ছেড়ে যাচ্ছে।
গুপ্ত প্রেস পঞ্জিকা মতে, শুক্রবার ২২ আগস্ট সকাল ১১ টা ৫৪ মিনিট ১৭ সেকেন্ডে অমাবস্যা তিথি শুরু হবে। ২৩ আগস্ট বেলা ১২ টা ২২ মিনিট ৪২ সেকেন্ডে ছেড়ে যাচ্ছে তিথি। কৌশিকী অমাবস্যার পুজো যেহেতু রাত্রিবেলা হয়, তাই ২২ আগস্ট সারা রাত ধরে চলবে তারা মায়ের আরাধনা।
তারাপীঠে কৌশিকী অমাবস্যা তিথিতে মহা আড়ম্বরের সঙ্গে তারা মায়ের পুজো করা হয়। হাজার হাজার ভক্তের সমাগম হয় এ দিন। অনেকে বাড়িতেও পুরোহিত ডেকে মা তারার পুজো করে থাকেন। এই তিথিতে তারা মায়ের উপাসনা করলে ভক্তের মনোবাসনা পূরণ হয় বলে প্রচলিত বিশ্বাস।

Be the first to comment