কৃষ্ণনগর শহর জুড়ে পরিচ্ছন্নতা অভিযানে নতুন গতি, ডাস্টবিন বিতরণ ও সমাজসেবীদের সম্মান পৌরসভার উদ্যোগে

Spread the love

রমিত সরকার, কৃষ্ণনগর : 

কৃষ্ণনগর শহরের পৌরসভার দায়িত্বভার মহকুমা শাসকের হাতে আসার পর থেকেই শহরের পরিচ্ছন্নতা ব্যবস্থায় নতুন করে গুরুত্ব দেওয়া হয়েছে। গত প্রায় দুই মাস ধরে নিয়মিত নজরদারি ও উদ্যোগের ফলে শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা আবর্জনা সরানোর কাজ শুরু হয়। প্রাক্তন চেয়ারম্যান রিতা দাসের শাসনামলের পর শহরের একাধিক প্রান্তে দীর্ঘদিন ধরে আবর্জনা পড়ে থাকতে দেখা যাচ্ছিল, যা নিয়ে নাগরিকদের মধ্যেও অসন্তোষ ছিল।

এই পরিস্থিতি মোকাবিলায় কৃষ্ণনগর শহরের পৌরসভা ও একাধিক সমাজসেবী সংগঠনের যৌথ উদ্যোগে শহরজুড়ে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। চ্যালেঞ্জের মোড় থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রান্তে আবর্জনা নির্মূলের লক্ষ্যে সবুজ ও নীল রঙের ডাস্টবিন বিতরণ করা হয়। সাধারণ মানুষকে বাড়ির আবর্জনা আলাদা করে ফেলার বিষয়ে সচেতন করাই ছিল এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

পৌর প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সবুজ ডাস্টবিনে জৈব বর্জ্য এবং নীল ডাস্টবিনে প্লাস্টিক ও অন্যান্য অজৈব বর্জ্য ফেলার মাধ্যমে শহরের বর্জ্য ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করা যাবে। এর ফলে পরিচ্ছন্নতার পাশাপাশি পরিবেশ রক্ষাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই উদ্যোগ।

এদিনের কর্মসূচিতে যে সমস্ত সমাজসেবী সংগঠন ও সাধারণ মানুষ সক্রিয়ভাবে সহযোগিতা করেছেন, তাঁদের বিশেষ সার্টিফিকেট প্রদান করে সম্মানিত করা হয়। প্রশাসনের তরফে জানানো হয়, নাগরিকদের অংশগ্রহণ ছাড়া শহরকে স্থায়ীভাবে পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়, তাই এই ধরনের উদ্যোগে সাধারণ মানুষের পাশে থাকা অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণনগর পৌরসভার বর্তমান পৌর প্রশাসক তথা মহকুমা শাসক স্বরদুতি চৌধুরী, কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার অমরনাথ কে, জেলা শাসক আনিস দাশগুপ্ত সহ জেলার একাধিক বিশিষ্ট ব্যক্তি ও আধিকারিকরা। বক্তৃতায় প্রশাসনের শীর্ষ কর্তারা সকলকে শহর পরিচ্ছন্ন রাখার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান এবং ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

প্রশাসনের আশা, এই উদ্যোগের মাধ্যমে কৃষ্ণনগর শহর ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে নতুন রূপ পাবে এবং নাগরিকদের মধ্যেও সচেতনতা আরও বাড়বে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*