পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পে গতি আনতে জেলা প্রশাসনের সাংবাদিক সম্মেলন, নদিয়াজুড়ে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ ও সংস্কারের পরিকল্পনা

Spread the love

রমিত সরকার, কৃষ্ণনগর : 

কৃষ্ণনগর জেলা প্রশাসনিক ভবনে শুক্রবার পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্পকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন করল নদিয়া জেলা প্রশাসন। সম্মেলনে উপস্থিত ছিলেন জেলাশাসক আনিস দাশগুপ্ত, রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস এবং জেলা সভাধিপতি তাড়ানুম সুলতানা মীর।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলাশাসক জানান, রাজ্য সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রকল্পের মাধ্যমে নদিয়া জেলাজুড়ে প্রায় কুড়ি হাজার কিলোমিটার রাস্তা নির্মাণ ও পুনঃনির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। গ্রাম থেকে শহর— সব স্তরের যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত ও নিরাপদ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, বহু এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বর্ষাকালে যাতায়াত কার্যত অসম্ভব হয়ে পড়ে। সেই সমস্ত রাস্তাকে অগ্রাধিকার দিয়ে কাজ শুরু করা হবে। পাশাপাশি নতুন রাস্তা নির্মাণের মাধ্যমেও প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে মূল সড়ক যোগাযোগ আরও উন্নত করা হবে।

রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান, পথশ্রী–রাস্তাশ্রী প্রকল্প শুধুমাত্র রাস্তা নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার সঙ্গে যুক্ত। “ভালো রাস্তা মানেই উন্নত শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি। কৃষক, ছাত্রছাত্রী, শ্রমজীবী মানুষ— সবাই এর সুফল পাবেন” বলেন তিনি।

জেলা সভাধিপতি তাড়ানুম সুলতানা মীর জানান, কাজের গুণমান নিয়ে কোনও আপস করা হবে না। প্রতিটি রাস্তার কাজ নিয়মিতভাবে তদারকি করা হবে এবং নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রকল্প শেষ করার চেষ্টা করা হবে। প্রয়োজনে স্থানীয় জনপ্রতিনিধিদেরও নজরদারির সঙ্গে যুক্ত করা হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই ব্লকভিত্তিক তালিকা প্রকাশ করে কাজ শুরু করা হবে। কোথায় নতুন রাস্তা হবে এবং কোন কোন রাস্তা সংস্কার করা হবে, তা পর্যায়ক্রমে জানানো হবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে নদিয়া জেলার সামগ্রিক পরিকাঠামো উন্নয়নে বড়সড় পরিবর্তন আসবে বলেই আশা প্রশাসনের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*