কৃষ্ণনগর উত্তরে প্রার্থী বদল, মনোনয়ন বাতিলের পর তৃণমূলের মুখ সোমনাথ দত্ত

Spread the love

রমিত সরকার, কৃষ্ণনগর : নির্বাচনের প্রাক্কালে নাটকীয় মোড় নিল নদীয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল রাজনীতি। প্রার্থী ঘোষণার পর থেকে জোরকদমে প্রচার চালালেও শেষ পর্যন্ত মনোনয়ন বাতিল হওয়ায় লড়াই থেকে ছিটকে গেলেন অভিনব ভট্টাচার্য। আর তার কিছুক্ষণের মধ্যেই নতুন প্রার্থী হিসেবে সোমনাথ দত্তের নাম ঘোষণা করে তৃণমূল নেতৃত্ব।

ঘটনার সূত্রপাত গত ১৭ মার্চ। ওইদিন কৃষ্ণনগর তৃণমূলের দলীয় কার্যালয়ে উজ্জ্বল বিশ্বাসের হাত ধরে দলে যোগ দেন অভিনব ভট্টাচার্য। যোগদানের কিছুক্ষণের মধ্যেই দলের শীর্ষস্তর থেকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়। এরপর থেকেই এলাকায় সক্রিয় প্রচার শুরু করেন তিনি এবং সংগঠন মজবুত করতে একাধিক কর্মসূচিও নেন।

পরবর্তী ধাপে, গত ৭ এপ্রিল ধুমধাম করে মনোনয়নপত্র জমা দেন অভিনব ভট্টাচার্য। সবকিছু ঠিকঠাক এগোচ্ছে বলেই মনে হচ্ছিল। কিন্তু শুক্রবার দুপুরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়। কী কারণে এই বাতিল, তা নিয়ে যদিও সরকারি ভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা।

এই পরিস্থিতিতে সময় নষ্ট না করে দ্রুত নতুন প্রার্থীর নাম ঘোষণা করে তৃণমূল। জেলার সভানেত্রী মহুয়া মৈত্র সোমনাথ দত্তকে কৃষ্ণনগর উত্তরের প্রার্থী হিসেবে ঘোষণা করেন। উল্লেখযোগ্য বিষয়, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনেই সোমনাথ দত্ত তাঁর মনোনয়নপত্র জমা করেছিলেন। ফলে হঠাৎ করে প্রার্থী বদলের পরিস্থিতি তৈরি হলেও আইনি জটিলতায় পড়তে হয়নি দলকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনাপ্রবাহ থেকে একটা ইঙ্গিত স্পষ্ট—সম্ভাব্য জটিলতার আঁচ আগেই পেয়েছিল দল। সেই কারণেই বিকল্প হিসেবে সোমনাথ দত্তের মনোনয়ন আগে থেকেই জমা রাখা হয়েছিল।

এদিকে প্রার্থী বদলের জেরে স্থানীয় রাজনীতিতে নতুন করে সমীকরণ তৈরি হয়েছে। তৃণমূলের অন্দরমহলে এই সিদ্ধান্ত কতটা প্রভাব ফেলবে এবং ভোটে তার প্রতিফলন কী হবে, এখন সেটাই দেখার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*