রোজদিন ডেস্ক : পুজোর আগে রাস্তা আটকে বা জোর করে চাঁদা তোলা রুখতে এবার সক্রিয় লালবাজার। কলকাতা পুলিশের সদর দপ্তর থেকে সমস্ত ট্র্যাফিক গার্ডকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে, রাস্তা আটকে, গাড়ি থামিয়ে কিংবা জোর করে চাঁদা তোলা কোনও ভাবে বরদাস্ত করা হবে না। এই সংক্রান্ত অভিযোগ কেউ করলে তা গুরুত্ব দিয়ে দেখতে হবে।
পুলিশ সূত্রে খবর, জনবহুল রাস্তা কিংবা গলিতে প্যান্ডেল তৈরির নামে গাড়ি আটকে চাঁদা নেওয়া হয়েছে এমন বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে জমা পড়েছে। পাইকপাড়া, চিড়িয়ামোড়, কসবা, শিয়ালদহ, বড়বাজার এলাকায় রাস্তা আটকে চাঁদা নেওয়ার অভিযোগ এসেছে সবচেয়ে বেশি। এমনকী, কিছু এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠান বা সাধারণ মানুষকে জোর করে চাঁদা দিতে বাধ্য করার ঘটনাও সামনে এসেছে। এই অবস্থায় সমস্ত থানা ও ট্র্যাফিক গার্ডকে কড়া নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের তরফে।
লালবাজার আরও জানিয়েছে, পুজো মণ্ডপ তৈরির জন্য যাঁরা রাস্তা দখল করতে চাইছেন, তাঁদের পুরসভা ও পুলিশের কাছ থেকে উপযুক্ত অনুমতি নিতে হবে। অনুমতি ছাড়া রাস্তায় কোনও কাঠামো তৈরি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment