রোজদিন ডেস্ক : স্বাধীনতা সংগ্রামে গুজরাটিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তীব্র সমালোচনার মুখে পড়েছেন টিএমসি সাংসদ মহুয়া মৈত্র। বিরোধী নেতা শুভেন্দু অধিকারী সমাজমাধ্যমে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে মহুয়া মৈত্রকে এক হাত নেন।
বলেন, টিএমসি-র সংস্কৃতি কত নীচে নেমেছে তা বোঝা যাচ্ছে।
মুখ্যমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, ওঁর প্রিয় সাংসদ মহুয়া মৈত্র স্বাধীনতা সংগ্রামে গুজরাটিদের অবদান, সংগ্রাম নিয়ে প্রশ্ন তুলেছেন! এটি মহাত্মা গান্ধীকে সরাসরি আক্রমণ, গুজরাটি জাতিকে অসম্মান।
লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল-সহ একাধিক গুজরাটের মানুষের কথা বলেন।
মহুয়া মৈত্রকে তোপ দেগে বিরোধী নেতা বলেন, বিজেপি যেখানে এক ভারত, শ্রেষ্ঠ ভারত এর কথা বলে, সেখানে মহুয়া মৈত্র বিভাজন করছেন। বাঙালি হোন বা গুজরাটি, স্বাধীনতা সংগ্রামে সবাই কাঁধে কাঁধ দিয়ে লড়েছেন।
যারা পশ্চিমবঙ্গকে দুর্নীতি, সিন্ডিকেট রাজে পরিণত করেছেন, তাঁদের মুখে এই সব কথা মানায় না। টিএমসি-র ডিএনএ-তেই ভারত বিরোধী বিদ্বেষ আছে।
শুভেন্দু অধিকারী গুজরাটি-সহ সবাইকে আশ্বস্ত করে বলেন, এখানে সবাই শান্তি, সম্প্রীতির সঙ্গে থাকেন, ভবিষ্যতেও থাকবেন।
সূত্রের খবর, গুজরাটিদের নিয়ে মহুয়া মৈত্রর এই সব মন্তব্য দলও ভাল ভাবে নেয়নি। বিশেষত রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের কথা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে বলে তাঁরা মনে করেন।
দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, স্বাধীনতা সংগ্রামে গুজরাটিদের অবদানকে তাঁরা শ্রদ্ধা করেন।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী পৃথকভাবে মহুয়া মৈত্রর এই বক্তব্যে গুজরাটিদের অসম্মান করা হয়েছে বলে মনে করেন। মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে বহু গুজরাটি বাস করেন, এই মন্তব্য তাঁদেরও অসম্মান বলে জানান।
দলের সাংসদের এই মন্তব্যে মুখ্যমন্ত্রী কেন ক্ষমা চাইছেন না বলে প্রশ্ন তোলেন।

Be the first to comment