রোজদিন ডেস্ক : রাজ্যে পালাবদলের পর ভোট পরবর্তী হিংসা মামলায় কড়া অবস্থান নিয়েছে সরকার। এরই মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এই আবহে এবার গ্রেপ্তারি এড়াতে বুধবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায়। তাঁর সঙ্গেই আত্মসমর্পণ করেন তাঁর পুত্র নির্বাণ রায়। বিচারক পরে তাঁদের এক হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করেন। অভিযোগ, ছাব্বিশের ভোটের পর টালিগঞ্জ থানা এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করেন সাংসদ মালা রায় এবং তাঁর ছেলে নির্বাণ। বিজেপি কর্মীদের বাড়ি গিয়ে হুমকি দেওয়া হয়। এরপরই অস্ত্র আইনে সাংসদ মালা রায়ের বিরুদ্ধে নোটিস জারি হয়। তারপর থেকেই গ্রেফতারির আশঙ্কায় ভুগছিলেন তিনি। অবশেষে বুধবার আদালতে আত্মসমর্পণ করে সাংসদ ও তাঁর পুত্র দু’জনেই আগাম জামিন নিলেন।

Be the first to comment