রোজদিন ডেস্ক : বাংলার সব মানুষের সঙ্গে আছি। আমাদের অধিকার কেড়ে নিতে দেব না। শনিবার রেড রোডে পবিত্র ইদের মঞ্চ থেকে অবস্থান আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূলনেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের বিজেপি সরকার ও নির্বাচন কমিশনকে একই বন্ধনীতে রেখে হুঁশিয়ারিও দিলেন তিনি। প্রতি বছরের মতো কলকাতার রেড রোডে শনিবার সকালে ইদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে সাম্প্রতিক এসআইআর, বিজেপি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী। চক্রান্তের এসআইআর প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, এসআইআর নিয়ে লড়াই জারি থাকবে। দিল্লি, সুপ্রিম কোর্ট দৌড়েছি, একটাও নাম যাতে বাদ না যায়, তার জন্য যতদূর যেতে হয় যাবো। এরপরই প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন, সৌদি আরবে গিয়ে হাত মেলান, দুবাই গিয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে। আপনি সবচেয়ে বড় অনুপ্রবেশকারী। বিজেপি চোর, গুণ্ডাদের পার্টি। বাংলাকে যে টার্গেট করবে জাহান্নামে যাবে, আমাদের একটাই টার্গেট বিজেপি, হটাও, দেশ বাঁচাও। এদিকে রাজ্যে এসআইআরের পর চূড়ান্ত ভোটার তালিকা ইতিমধ্যেই প্রকাশ করেছে কমিশন। সেখানে কয়েক লক্ষ নাম বাদ পড়েছে। তাছাড়া বহু মানুষের নাম এখনও বিবেচনাধীন। সেই সংখ্যাটা প্রায় ৬০ লক্ষ। কিন্তু এরই মধ্যে রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা করে দিয়েছে কমিশন। তৃণমূল প্রথম থেকেই এসআইআর নিয়ে কমিশনের ভূমিকায় সরব। ইদের দিন আরও একবার সেই প্রসঙ্গে সরব হলেন মুখ্যমন্ত্রী।


Be the first to comment