রোজদিন ডেস্ক : রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রাজ্য সফর নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসার জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে নবম আন্তর্জাতিক সাঁওতাল সম্মেলনে যোগ দিতে একদিনের সফরে এসেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ওই সফরকে ঘিরে রাজ্য সরকারের বিরুদ্ধে অসৌজন্যের অভিযোগ তুলেছিলেন পদ্ম শিবিরের নেতারা। শনিবার সামাজিক মাধ্যমে এক পোস্টে কড়া ভাষায় এই কুৎসার জবাব দিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাষ্ট্রপতির সফর নিয়ে অযথা বিতর্ক তৈরি করে বিজেপি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদকে নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। মুখ্যমন্ত্রী জানান, ‘ইন্টারন্যাশনাল সাঁওতাল কাউন্সিল’ নামের একটি বেসরকারি সংস্থা শিলিগুড়িতে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক আদিবাসী সাঁওতাল সম্মেলনে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানিয়েছিল। সেই কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি পর্যালোচনার সময় জেলা প্রশাসন রাষ্ট্রপতির সচিবালয়কে লিখিতভাবে জানায় যে আয়োজকদের প্রস্তুতি পর্যাপ্ত নয়। পাশাপাশি টেলিফোনেও বিষয়টি জানানো হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, রাষ্ট্রপতির সচিবালয়ের অগ্রিম দল গত ৫ মার্চ শিলিগুড়িতে এসে পরিস্থিতি পর্যালোচনা করে এবং আয়োজনের ঘাটতির বিষয়টি সম্পর্কে অবহিত হয়। তবু নির্ধারিত সূচি অনুযায়ী কর্মসূচি চালু থাকে। তিনি দাবি করেন, রাষ্ট্রপতিকে স্বাগত ও বিদায় জানানো হয় রাষ্ট্রপতির সচিবালয় অনুমোদিত প্রোটোকল অনুযায়ী। সেই অনুযায়ী শিলিগুড়ি পুরনিগমের মেয়র, দার্জিলিংয়ের জেলাশাসক এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের কমিশনার উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী জানান, ওই কর্মসূচির জন্য নির্ধারিত তালিকা বা মঞ্চের পরিকল্পনায় তাঁর নাম ছিল না এবং জেলা প্রশাসনের তরফে কোনও প্রোটোকল লঙ্ঘন করা হয়নি।
পোস্টে তিনি অভিযোগ করেন, বিজেপি নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের জন্য দেশের সর্বোচ্চ পদকে অসম্মান করছে। তাঁর কথায়, এই ধরনের আচরণ অত্যন্ত দুর্ভাগ্যজনক।

Be the first to comment