রোজদিন ডেস্ক : কতটা প্রস্তুত সাগরদ্বীপ, কীভাবে চলছে প্রস্তুতি পর্ব, সবটা সরেজমিনে খতিয়ে দেখতে আগামী ৫ জানুয়ারি গঙ্গাসাগর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মেলার প্রস্তুতি পর্যালোচনা ও প্রশাসনিক কাজের মূল্যায়নের পাশাপাশি একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। পরিদর্শন শেষে একটি রাত সাগরে কাটিয়ে পরদিন ৬ জানুয়ারি কলকাতা ফিরবেন তিনি। মুখ্যমন্ত্রী আগেই নির্দেশ দিয়েছেন, মেলায় অংশ নিতে আসা সাধারণ পুণ্যার্থীরা যেন কোনও ধরণের অসুবিধার সম্মুখীন না হন। ভিআইপি পাস, আলাদা রাস্তা বা বিশেষ সুবিধার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক অংশগ্রহণে বাধা সৃষ্টি করা চলবে না। বিশেষ করে ভিআইপি সংস্কৃতি নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছেন তিনি। সকলের জন্য সমান পরিষেবা নিশ্চিত করা হবে। জল, শৌচাগার, নিরাপত্তা, যাতায়াত ও অস্থায়ী আবাসনের ব্যবস্থা সুষ্ঠুভাবে করা হবে। তার নির্দেশ অনুযায়ী শেষ মুহূর্তের ঘাটতি পূরণ করে মেলার নিরাপদ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। এছাড়া কপিলমুনির মন্দিরে পুজো দেওয়া এবং মন্দিরচত্বর ও সংলগ্ন এলাকার ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা থাকছে তাও নজরে থাকবে প্রশাসনের। পৌষ সংক্রান্তিতে ১৪ জানুয়ারি পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। তবে মেলা শুরু হবে ১০ জানুয়ারি, চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হবে এবার। সেটা মাথায় রেখে ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। এরমধ্যেই রাস্তাঘাট মেরামতির কাজও প্রায় শেষ। সবমিলিয়ে প্রশাসনিক কর্তাদের আশা মুখ্যমন্ত্রী আসার আগেই সব ব্যবস্থা তৈরি হয়ে যাবে।

Be the first to comment