দিল্লির হাসপাতালে শুক্রবার গোয়ার মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর। গত ১৫ সেপ্টেম্বর থেকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এ ভর্তি রয়েছেন তিনি। তাই রাজ্যের মন্ত্রিদের দিল্লিতে ডেকেছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রী।
শুধু বিজেপি-র মন্ত্রী নন। বৈঠকে আসবেন বলে জানিয়েছেন গোয়ায় বিজেপি সরকারের জোট-সঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি এবং গোয়া ফরওয়ার্ড পার্টির নেতৃত্বও। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গোয়ার পূর্তমন্ত্রী সুদিন দাভালকর, নগর পরিকল্পনামন্ত্রী রোহন খানুতে, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গোবিন্দ গাওয়াদে-সহ একাধিক মন্ত্রী এইমসে বৈঠকে যোগ দেবেন।
৪০ আসনের গোয়া বিধানসভায় বিজেপি-র আসন ১৪। কংগ্রেসের আসন ১৬। জোট করে সরকার গঠন করেছিল বিজেপি। গোয়ার প্রধান বিরোধী দল কংগ্রেস, গত ১৯ সেপ্টেম্বর রাজ্যপাল মৃদুলা সিনহার সঙ্গে দেখা করে দাবি করেছিল। যাতে বিধানসভার ফ্লোরে সংখ্যাগরিষ্ঠতা যাচাই করা হোক। মুখ্যমন্ত্রীর অসুস্থতায় সরকারের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছিল তারা। একই দিনে গোয়ায় গিয়ে বিজেপি সভাপতি অমিত শাহ রাজ্য নেতাদের সতর্ক করে দিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর অসুস্থতায় সরকারের উপর যাতে কোনও প্রভাব না পড়ে। মনে করা হচ্ছে শুক্রবারের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মনোহর পারিক্কর মন্ত্রিসভায় বেশ কিছু রদবদলের সিদ্ধান্ত নেবেন।

Be the first to comment