পাকিস্তানের নির্বাচনকে প্রভাবিত করেছে গোয়েন্দা সংস্থা আইএসআই। তারা নাক গলাচ্ছে বিচার ব্যবস্থাতেও। এই বলে প্রকাশ্যেই গোয়েন্দাদের নিন্দা করেছিলেন হাইকোর্টের বিচারপতি শওকত আজিজ সিদ্দিকি। সেজন্য গত বৃহস্পতিবার তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকারের তরফে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ওই বিচারপতিকে বরখাস্ত করছেন।
পাকিস্তানের রাজনীতিতে সাধারণত কেউ সেনাবাহিনী ও গোয়েন্দাদের সমালোচনা করেন না। কিন্তু বিচারপতি সিদ্দিকি সেই প্রথা ভেঙেছেন। গত জুলাইয়ে দেশে সাধারণ নির্বাচনের আগে রাওয়ালপিন্ডিতে আইনজীবীদের সমাবেশে বক্তব্য পেশ করেন। তিনি বলেন, আইএসআই বিচার ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা বিচারপতি নিয়োগেও হস্তক্ষেপ করে। প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ যাতে ভোটের সময় জেলে বন্দি থাকেন, সেজন্য তারা উদ্যোগ নিয়েছে।
আইএসআইয়ের বিরুদ্ধে আর একটি গুরুতর অভিযোগ করেন সিদ্দিকি। তিনি বলেন, গোয়েন্দারা নানা অপরাধমূলক কাজে সহায়তা করে। সেজন্য তারা টাকা পায়।
বৃহস্পতিবার পাকিস্তানের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এক বিবৃতিতে বলে, বিচারপতি সিদ্দিকির আচরণ তাঁর পদের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়।

Be the first to comment