রোজদিন ডেস্ক :
সরকারি স্কুলের মিড-ডে মিল (Mid-day-meal) মানেই শুধু পুষ্টিকর খাবার নয়, তা হয়ে উঠতে পারে বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যেরও এক অনন্য উদ্যাপন। এমনই এক ব্যতিক্রমী উদ্যোগের সাক্ষী থাকল সোনামুই উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়, সিরাজবাটি চক্র, আমতা ১ ব্লক, হাওড়া।

বুধবার, ২ সেপ্টেম্বর বিদ্যালয়ে আয়োজন করা হয় ‘গ্রাম বাংলার রান্না পুজো’র আদলে বিশেষ মিড-ডে মিল। প্রতিদিনের চেনা খাবারের বদলে এদিনের আয়োজনে ফুটে ওঠে বাংলার ঐতিহ্যবাহী ঘরোয়া রান্নার স্বাদ ও বৈচিত্র্য। মেনুতে ছিল ভাত, ডাল,ওলের ফুরুলি সহ আট রকম সবজি ভাজা, কাটাপোনা মাছ, চিংড়ি মাছ এবং বাঙালির প্রিয় মিষ্টান্ন নারকেল নাড়ু।

এই বিশেষ আয়োজনকে ঘিরে সকাল থেকেই বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসবের আবহ। রান্না থেকে শুরু করে খাবার পরিবেশন—প্রতিটি ক্ষেত্রেই অভিভাবিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নজর কাড়ে। তাঁরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে রান্না ও পরিবেশনের কাজে নিজেদের ব্যস্ত রাখেন। তাঁদের সহযোগিতা ও উৎসাহে বিদ্যালয়ের মিড-ডে মিল পরিণত হয় এক মিলনোৎসবে।

বিদ্যালয়ের শিক্ষক, মিড ডে মিল কর্মী, অভিভাবিকা এবং পড়ুয়াদের সম্মিলিত অংশগ্রহণে এদিনের আয়োজন হয়ে ওঠে বিশেষ তাৎপর্যপূর্ণ। শিশুদের পুষ্টিকর খাবারের পাশাপাশি নিজেদের শিকড়, গ্রামবাংলার রান্না ও লোকজ ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ারও সুযোগ তৈরি হয়।
সব মিলিয়ে, সোনামুই উচ্চ সংলগ্ন প্রাথমিক বিদ্যালয়ের এদিনের মিড-ডে মিল ছিল নিছক মধ্যাহ্নভোজন নয়—এ যেন খাবারের মাধ্যমে গ্রামবাংলার সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রীতির এক সুন্দর উৎসব। খুদে পড়ুয়াদের মুখের হাসি এবং অভিভাবিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি হয়ে রইল স্মরণীয়।

Be the first to comment