Interim bail of cpm leader লাহেক আলি, মা অসুস্থ, উচ্চ আদালতের অনুমোদন

Spread the love

রোজদিন ডেস্ক : 
বারুইপুর কান্ডে ধৃত সিপিএম নেতা লাহেক আলি-কে আজ অন্তর্বতী জামিন (Interim bail of cpm leader) মঞ্জুর করলো উচ্চ আদালত। তাঁর মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে। এই প্রেক্ষিতে তাঁর আইনজীবীরা জামিনের আবেদন জানালে উচ্চ আদালতের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আপাতত দশ সেপ্টেম্বর অবধি তাঁর অন্তর্বতী জামিন মঞ্জুর করেন। শর্তসাপেক্ষে তাঁকে জামিন দেওয়া হয় বলে আদালত সূত্রে জানা যায়। এই সূত্রে প্রকাশ, এই জামিন কালে তিনি এলাকার বাইরে যেতে পারবেন না, বারুইপুর থানা জিজ্ঞাসাবাদের জন্য ডাকলে তাঁকে যেতে হবে।
উল্লেখ্য, গত জুলাই মাসে বারুইপুরে বালিকাকে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে এলাকা রণক্ষেত্র হয়ে ওঠে। উত্তেজিত জনতার আক্রমণে এক যুবক গণপিটুনিতে প্রাণ হারান। এই ঘটনায় উসকানিমূলক বক্তব্য রাখার অভিযোগে গত ১২ জুলাই স্থানীয় সিপিএম নেতা লাহেক আলি-কে গ্রেফতার করে পুলিশ। তিনি কি বলেছিলেন, আজ বিচারপতি তা জানতে চান৷ তার নথি দেখতে চান। সরকার পক্ষের আইনজীবী জানান, এই মুহূর্তে তাঁদের কাছে তা নেই।
বিচারপতি জানতে চান, লাহেক আলি বালিকার ধর্ষণ ও গণপিটুনিতে জড়িত কি?
সরকারি আইনজীবী বলেন, ধর্ষণ না, গণপিটুনিতে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে তিনি গ্রেফতার হয়েছেন। বিচারপতি কিছুটা কড়া সুরে বলেন, সেই উস্কানিমূলক বক্তব্য তিনি দেখতে চান৷ কারণ ওঁর বিরুদ্ধে সব অভিযোগের ভিত্তিই তাই৷ তা দেখাতে না পারলে রাজ্যের এই গ্রেফতারিকে তিনি সমর্থন করতে পারেন না।
উল্লেখ্য, ধৃত লাহেক আলি ও তাঁর দলের দাবি, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। গণপিটুনিতে মদত দেওয়া নয়, তিনি তা থামানোর চেষ্টা করেন। পুলিশ তা মানতে নারাজ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*