রোজদিন ডেস্ক : তাঁরা বসুধৈব কুটুম্বকম মানেন, অতিথিদের সম্মান করেন, মর্যাদা দেন। কিন্তু শত্রুরা যদি দুঃসাহস দেখায়, সুদর্শন চক্র তাঁদের ধ্বংস করে দেবে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর নিশানায় যে পাকিস্তান, তার স্পষ্ট ইঙ্গিত দিয়ে তিনি বলেন, অপারেশন সিঁদুরের সময় দেশ তাঁদের এই সংকল্প দেখেছে। আজ কর্ণাটকের উদুপিতে প্রধানমন্ত্রী বলেন, পহেলগাঁও-এর সন্ত্রাসী হামলায় বহু দেশবাসীর অমূল্য প্রাণ গেছে। তাঁদের মধ্যে কর্ণাটকের ভাই বোনরাও ছিলেন। নাম না করে কংগ্রেসকে বিঁধে তিনি বলেন, আগে হামলা হলে হাতে হাত দিয়ে বসে থাকতো, কিন্তু এটা নতুন ভারত, এটি কারও সামনে ঝোঁকে না, নিজের নাগরিকদের রক্ষা করতে ও পিছপা হয় না বলে তিনি হুংকার দেন।
আজ ওই রাজ্যের উদুপির শ্রীকৃষ্ণ মঠ সফরে গিয়ে সভামঞ্চ থেকে এই সব বলেন প্রধানমন্ত্রী। আরও বলেন, গীতা তাঁদের শিখিয়েছে শান্তি, সত্য স্থাপনে অত্যাচারীদের শেষ হওয়া আবশ্যিক। দেশের সুরক্ষা নীতির ও মূল ভাব এটি বলে তিনি জানিয়ে দেন।
অন্যদিকে রাজধানী দিল্লির এক অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের নিরাপত্তায় তাঁরা কোন আপস করেন না, তাঁদের সশস্ত্র বাহিনী বারবারই দেখিয়েছে তারা সক্ষম ও প্রস্তুত। এই দৃঢ়তাই তাঁদের আশেপাশের চ্যালেঞ্জগুলি মোকাবিলার পাশে আঞ্চলিক স্থিতিশীলতায় অবদান রাখতে সহায়তা করে বলে তিনি জানান।

Be the first to comment