রোজদিন ডেস্ক :
অপারেশন সিঁদুর সহ বিভিন্ন বিষয়ে কংগ্রেস পাকিস্তানের সঙ্গে সুর মেলাচ্ছে বলে তোপ দাগলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বরপেটায় অসম বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে রীতিমত হুঙ্কার দিয়ে তিনি বলেন, কংগ্রেসের পাকিস্তানি যোগাযোগ দেশের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক, তাঁরা কখনোই তা হতে দেবেন না। উন্নয়নের ক্ষেত্রে কংগ্রেস সব কিছু সঙ্কীর্ণ দৃষ্টিতে ( মায়োপিক ভিউ) দেখে, বিজেপি তা জাতির দীর্ঘ মেয়াদি উন্নয়নের চোখে দেখে।
বিজেপির দীর্ঘ প্রচেষ্টায় অসমে শান্তি ফিরেছে বলে দাবি জানান প্রধানমন্ত্রী। এখানে বিজেপির জন্য শান্তি, সুস্থিতির ফলে উন্নয়ন হচ্ছে, কংগ্রেসকে ক্ষমতার বাইরে রাখার জন্য তিনি জনসাধারণকে আহবান জানান।
অসমের ১২৬ আসনের বিধানসভা নির্বাচনে এবার বিজেপির সঙ্গে কংগ্রেসের জোর লড়াই বলে অভিজ্ঞ মহল মনে করেন।
একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ তাঁর বাহিনী, অন্যদিকে কংগ্রেসের শীর্ষ নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী প্রমুখের প্রচারে উত্তপ্ত অসমের নির্বাচনী আবহ। প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এর তরুণ পুত্র গৌরব গগৈ-কে সামনে রেখে হৃত জমি পুনরুদ্ধারে লড়ছে কংগ্রেস, অন্যদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ক্ষমতায় রাখতে মরিয়া বিজেপি। ৯ এপ্রিল অসমে নির্বাচন।

Be the first to comment