বাগডোগরায় নেমেও খারাপ আবহাওয়া জন্য সিকিম যেতে পারলেন না মোদি, বিমানবন্দর থেকে ভার্চুয়ালি সভা করলেন

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বাগডোগরায় পৌঁছেও খারাপ আবহাওয়ার কারণে সিকিম যেতে পারলেন না প্রধানমন্ত্রী। রাজ্যে প্রশাসনিক এবং রাজনৈতিক সভা করার আগে তাঁর সিকিম যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সফর বাতিল করতে হল মোদীকে। বরং বাগডোগরা বিমানবন্দর থেকে ভার্চুয়ালি সভা করলেন তিনি।
বৃহস্পতিবার ঠাসা কর্মসূচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বাংলা ও সিকিমের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু খারাপ আবহাওয়ার দরুন সেই সফরসূচিতে কাটছাঁট করতে হয়েছে।
বাগডোগরা বিমানবন্দরে নেমে সিকিমের সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মোদির। সিকিমের পূর্ণাঙ্গ রাজ্যের স্বীকৃতি পাওয়ার ৫০ বছরের পূর্তি উপলক্ষে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তিনি। কথা ছিল, সকাল ৮টা ৫ মিনিটে দিল্লি এয়ারপোর্ট থেকে বিমানে বাগডোগরার উদ্দেশে রওনা দেবেন মোদি। ১০টায় বাগডোগরা এয়ারপোর্টে পৌঁছবেন। সেখান থেকে এম আই-১৭ হেলিকপ্টারে ১০ টা ৫ মিনিটে সিকিমের গ্যাংটকের উদ্দেশে উড়ে যাবেন। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় তা হল না। তবে আলিপুরদুয়ারের কর্মসূচিতে কোনও বদল হচ্ছে না।
প্রসঙ্গত, ভারতের রাজ্য হিসেবে ৫০ বছরের উদযাপন করছে সিকিম। সেই উপলক্ষ্যেই সেখানে যেতেন মোদী। একগুচ্ছ সরকারি প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধনের পাশাপাশি প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটলবিহারী বাজপেয়ীর একটি মূর্তি উন্মোচনও করতেন। এখন সবই তাঁকে করতে হয়েছে ভার্চুয়ালি। সিকিমের উন্নয়নে পাশে থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে হেলিকপ্টারে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা হবেন। প্যারেড গ্রাউন্ডে জনসভায় যোগ দেবেন মোদি।
এদিন বাগডোগরায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানান রাজ্য সরকারের প্রতিনিধি শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জেলা শাসক প্রীতি গোয়েল, বিধায়ক আনন্দ বর্মন, দুর্গা মুর্মু প্রমুখ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*