রোজদিন ডেস্ক : নদিয়ার রানাঘাটে আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা। শীতকালীন অধিবেশন শেষ হলেই বাংলায় জোরকদমে ভোটের প্রচার শুরু করছে বিজেপি। তার প্রথম পর্ব শুরু হবে মতুয়া অধ্যুষিত তাহেরপুর থেকে। মতুয়া ভোটব্যাঙ্ক মাথায় রেখেই রাজ্যে বিজেপির নির্বাচনী রণকৌশল সাজাচ্ছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গে মোট দশটি জনসভা করার পরিকল্পনা রয়েছে মোদির। এর মধ্যে আলিপুরদুয়ার, দমদম ও দুর্গাপুরে তিনটি সভা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। বাকি সাতটির মধ্যে প্রথমটি হবে রানাঘাটে। ইতিমধ্যেই তাহেরপুরে নির্ধারিত মাঠে কাজ শুরু হয়ে গিয়েছে।তাহেরপুর অঞ্চল উদ্বাস্তু অধ্যুষিত হওয়ায়, প্রধানমন্ত্রী এই সভার মাধ্যমে নাগরিকত্ব এবং এনআরসি সংক্রান্ত বার্তা দিতে পারেন বলেই রাজনৈতিক মহলের ধারণা। পাশাপাশি মতুয়াদের মধ্যে এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রবল ভাবে দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে মোদির সফর নিঃসন্দেহে রাজনৈতিক গুরুত্ব বহন করছে। রাজ্যের বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন, ২০ তারিখ তাহেরপুরে প্রধানমন্ত্রী আসছেন। জনসভার পাশাপাশি কিছু সরকারি প্রকল্পের উদ্বোধনও হবে।

Be the first to comment