নিজস্ব সংবাদদাতা, নদীয়া : আগামী ২৯ এপ্রিল বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে। সেই প্রেক্ষিতেই নদীয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে চলছে নাকা চেকিং।
করিমপুর বিধানসভার নন্দনপুর কাঠমিল এলাকায় আজ সকাল থেকেই তৎপরতা চোখে পড়ে। রাস্তার উপর অস্থায়ী চেকপোস্ট তৈরি করে একের পর এক যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়। বিশেষ করে বাইক, চারচাকা গাড়ি ও পণ্যবাহী যানবাহনগুলিকে খুঁটিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনওরকম অবৈধ সামগ্রী, নগদ অর্থ বা অস্ত্র পরিবহন না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। প্রতিটি গাড়ির কাগজপত্র পরীক্ষা করার পাশাপাশি চালক ও আরোহীদের পরিচয়ও যাচাই করা হচ্ছে।

এদিন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গেও স্থানীয় পুলিশের সমন্বয় লক্ষ্য করা যায়। এলাকায় নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে।
নির্বাচন যত এগিয়ে আসছে, ততই এই ধরনের নাকা চেকিং আরও বাড়ানো হবে বলেও ইঙ্গিত দিয়েছে প্রশাসন।

Be the first to comment