রোজদিন ডেস্ক : একাধিক অভিযোগে এরই মধ্যে পুলিশের খাতায় পলাতক তিনি। এই পরিস্থিতিতে আরও বিপাকে পড়লেন কলকাতা পুরসভার সদ্য প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। এবার নথি জাল করে সাড়ে তিন লক্ষ টাকায় ফুটপাথের দোকান ঘর বিক্রির অভিযোগে তার বিরুদ্ধে দায়ের হল এফআইআর। পুলিশ সূত্রে খবর, আনন্দপুর থানায় এমনই অভিযোগ দায়ের করেছেন কসবার রাজডাঙ্গা স্কুল রোডের বাসিন্দা এক ব্যবসায়ী। এফআইআরে সুশান্ত ঘোষ-সহ আরও ৪ জনের নাম রয়েছে। ২০২২ সালের নভেম্বর মাসের ঘটনা। অভিযোগকারী ব্যবসায়ীকে সুশান্ত ও তাঁর দলবল রুবি ক্রসিংয়ের ফুটপাথে একটি সাত ফুটের দোকান পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাড়ে তিন লক্ষ টাকা হাতিয়ে নেয়। অভিযোগ, টাকা পাওয়ার পর অভিযুক্তরা যে দোকান দেখিয়েছিল তার বদলে একটি ছোট দোকান তাকে দেয়। তিনি আপত্তি করলে তাকে ভয় দেখানো হয়। সেই দোকানের কোনও বৈধ নথিও ছিল না বলে অভিযোগ। কিন্তু ভয়ে কোনও অভিযোগ করতে পারেননি তিনি। পালাবদলের পর এবার দায়ের করলেন এফআইআর।

Be the first to comment