রোজদিন ডেস্ক : রাজ্যের সরকারি ও সরকার পোষিত কলেজগুলিতে পড়ুয়াদের জন্য নতুন নতুন বিষয় চালু করার ক্ষেত্রে আবেদন জানানোর প্রক্রিয়া আরও সহজ হল। এর জন্য এবার বিশেষ পোর্টাল চালু করতে চলেছে উচ্চ শিক্ষা দফতর। সোমবার এক্স হ্যান্ডেলে নতুন পোর্টাল চালু করার কথা ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মূলত প্রযুক্তিকে ব্যবহার করে স্বচ্ছ এবং দ্রুত নাগরিক পরিসেবা পৌঁছে দিতেই শিক্ষা দফতরের এই উদ্যোগ। আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল দশটা থেকে subjectaffiliation.wb.gov.in পোর্টালে আবেদন করা যাবে।

এক্স হ্যান্ডলে শিক্ষামন্ত্রী লিখেছেন, স্বচ্ছ এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি ও সরকার পোষিত এবং প্রাইভেট কলেজে নতুন নতুন বিষয় অনুমোদনের জন্য আগামী ১৮ ফেব্রুয়ারি, বুধবার সকাল দশটা থেকে পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চ শিক্ষা সংসদে চালু হতে চলেছে একটি নতুন পোর্টাল subjectaffiliation.wb.gov.in । এর মাধ্যমে সরকারি, সরকার পোষিত এবং প্রাইভেট কলেজগুলি খুব সহজেই নতুন বিষয় চালু করার জন্য আবেদন করতে পারবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত জানিয়ে দেবে সংসদ। এর ফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো প্রযুক্তিকে ব্যবহার করে দ্রত এবং স্বচ্ছ নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার দিকে আরও একধাপ এগিয়ে গেল উচ্চশিক্ষা দফতর। এর আগে অনলাইন ফাইল ট্র্যাকিং সিস্টেম চালু করেছে শিক্ষা দফতর। এর ফলে শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা তাঁদের আবেদন কোন পর্যায়ে আটকে রয়েছে, তা সহজেই জানতে পারবেন।

Be the first to comment