রোজদিন ডেস্ক :
সিকিমের তিস্তা জলবিদ্যুৎ প্রকল্পের এক সুড়ঙ্গ ধসে অন্তত ১১ জন শ্রমিক মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। এখনও অনেকে ভিতরে আটকে আছেন বলে জানা যায়। সোমবার এই ভয়াবহ দুর্ঘটনা নিয়ে এলাকায় প্রবল উদ্বেগ, দুশ্চিন্তা ছড়িয়েছে,। সুড়ঙ্গের ভিতরে দূষিত গ্যাস লিক করেছে বলে অনুমান। প্রবল বৃষ্টিতে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।
সিকিমের নামচির সামারদুং এ তিস্তা স্টেজ সিক্স জলবিদ্যুৎ প্রকল্পের এই কাজ করার সময় বিপত্তি হয়। সূত্রের খবর, এন টি পি সি র পদস্থ আধিকারিকরা সহ সেখানে ২৫ থেকে ৩৮ জন কাজ করছিলেন। ছিলেন প্রকল্পের বেসরকারি কর্মকর্তারাও। জরুরি উদ্ধারকারী দল ১৬ জনকে উদ্ধার করেছেন। এখনও অনেকে সুড়ঙ্গে আটকে আছেন বলে আশঙ্কা।
নিহত শ্রমিকদের মধ্যে সাত জনই উত্তরবঙ্গের চা বাগান শ্রমিক। সুড়ঙ্গের মুখে আচমকা ধস নেমে ভিতরে যাওয়ার রাস্তা কার্যত বন্ধ হয়ে যায়। ভিতরে দূষিত গ্যাস লিক করায় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সুড়ঙ্গে প্রবেশে ও সমস্যা হচ্ছে। কর্তৃপক্ষ সমানে ভিতরে থাকা গ্যাসের মাত্রা তদারকি করছেন। ডি ডি এম এ, এস ডি আর এফ, পাকইয়ং, শিলিগুড়ি থেকে আসা এন ডি আর এফ, এন এইচ পি সি সহ অন্যান্য সংস্থা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ করছেন।
সুড়ঙ্গের ভিতরে আটকে থাকা সবাইকে উদ্ধার না করা অবধি এই কাজ চলবে বলে কর্তৃপক্ষ জানিয়েছেন।
এই ঘটনায় সাত শ্রমিকের মৃত্যুর খবরে সংশ্লিষ্ট চা বাগানগুলিতে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment