রোজদিন ডেস্ক : বিহারের রাজ্যপাট ছেড়ে এবার রাজ্যসভায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার? মুখ্যমন্ত্রীর মসনদে বসবেন বিজেপির সম্রাট চৌধুরী? নীতীশ পুত্র নিশান্ত কুমার উপ মুখ্যমন্ত্রী হবেন বলে জল্পনা তুঙ্গে উঠেছে।
হোলির দিন এমনই বর্ণিল রাজনৈতিক খবর নিয়ে বিহার সহ সারা দেশের রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
নীতীশ কুমার যে রাজ্যসভায় যেতে পারেন পারেন, তা নিয়ে গত বছর বিহার বিধানসভা নির্বাচনের আগে থেকেই জল্পনা চলছিল। কিন্তু স্বচ্ছ, সৎ ভাবমূর্তি সম্পন্ন নয় বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে সামনে না রেখে ভোটে যাওয়ার ঝুঁকি নিতে পারেননি বিজেপির ঝানু রাজনীতিবিদ নেতারা। তাঁদের উদ্দেশ্যকে সফল করে দশম বারের জন্য মুখ্যমন্ত্রীর মসনদে বসেন নীতীশ কুমার।
নির্বাচনের বছর না পেরোতেই কেন তাঁকে রাজ্যসভায় পাঠানোর তোড়জোড় হচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহল বিস্মিত। গতকালই তাঁর পুত্র নিশান্ত কুমার রাজনীতিতে আসছেন বলে নীতীশ ঘনিষ্ঠ মন্ত্রী শ্রাবণ কুমার জানিয়েছেন। নীতীশ কুমার রাজ্যসভায় যাবেন কিনা প্রশ্নে তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য ছিল, অনেক কিছুই হতে পারে। আজ হোলির দিনই এই নিয়ে চূড়ান্ত রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে। সূত্রের খবর, এই সব নিয়ে পাটনায় মুখ্যমন্ত্রী নিবাসে উচ্চ পর্যায়ের ম্যারাথন বৈঠক চলছে।
এর আগে লালুপ্রসাদের দল আরজেডি হোক, বা এনডিএ, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নীতীশ কুমারই আমজনতার প্রথম পছন্দ ছিলেন। বিশেষত রাজ্যে মদ নিষিদ্ধ করা, স্কুলের মেয়েদের সাইকেল প্রদান ইত্যাদি মহিলাদের মধ্যে তাঁকে তুমুল জনপ্রিয়তা এনে দিয়েছিল।
তাঁর একমাত্র পুত্র নিশান্ত কুমার কোনদিনই রাজনীতিতে আসতে আগ্রহী না থাকলেও দলের ভবিষ্যৎ ভেবে তাঁকেও রাজনীতির অঙ্গনে আনা হচ্ছে।
নীতীশ কুমার মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করে রাজ্যসভায় গেলে তাঁকে উপমুখ্যমন্ত্রী করা হবে।
সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে আজ জেডিইউ-এর গুরুত্বপূর্ণ বৈঠকে সঞ্জয় ঝা, রাজীব রঞ্জন সিং, বিজেন্দ্র প্রসাদ যাদব, অশোক চৌধুরী প্রমুখ উপস্থিত আছেন।
বিহারে পাঁচটি রাজ্যসভা আসনের মধ্যে বিজেপি ইতিমধ্যেই দলের জাতীয় সভাপতি নীতিন নবীন সহ দুজনের নাম ঘোষণা করেছে।
আগামীকাল নীতীশ কুমার রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়ন পেশ করতে পারেন।
সূত্রের খবর, এখনই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন না তিনি। ১৬ মার্চ রাজ্যসভা নির্বাচনের পর পুরো ছবি পরিস্কার হয়ে যাবে। নীতীশ কুমার মুখ্যমন্ত্রিত্ব ছাড়লে বিজেপি এর দাবিদার হবে। এখন অবধি এর জন্য বিজেপির উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নাম শোনা যাচ্ছে।
নীতীশ কুমার বিহার বিধানসভা, বিধান পরিষদ, লোকসভার সদস্য ও হয়েছেন। এবার রাজ্যসভায় গেলে সংসদীয় চারটি ক্ষেত্রে তাঁর বৃত্ত সম্পুর্ন হবে। রাজনীতির ক্ষেত্রে যা বিরল।

Be the first to comment