রোজদিন ডেস্ক : নির্বাচনী দায়িত্বে গাফিলতির অভিযোগে কোচবিহার দক্ষিণের জেনারেল অবজার্ভার অনুরাগ যাদবকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। বুধবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে পর্যবেক্ষকদের বৈঠক চলাকালীন গুরুতর অভিযোগ ওঠে। কমিশন সূত্রে জানা গিয়েছে, ব্রিফিংয়ের সময় নিজের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রের মোট পোলিং স্টেশনের সংখ্যা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি তার সদুত্তর দিতে পারেননি। সূত্রের খবর, এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে কমিশন। সংশ্লিষ্ট দায়িত্ব সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকায় নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলেই মত কমিশনের একাংশের। সেই কারণেই অবিলম্বে অনুরাগ যাদবকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই পশ্চিমবঙ্গে রয়েছেন অনুরাগ এবং কোচবিহার দক্ষিণ কেন্দ্রের দায়িত্বও সামলাচ্ছিলেন। কিন্তু ওই কেন্দ্রের তথ্য সম্পর্কেই স্পষ্ট ধারণা না থাকায় ব্রিফিং চলাকালীন অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। কমিশনের উচ্চপদস্থ কর্তারা এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উল্লেখ্য, নির্বাচন কমিশনের তরফে আগেই জানানো হয়েছিল, পর্যবেক্ষকদের ১৮ মার্চের মধ্যে সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছে দায়িত্ব গ্রহণ করতে হবে এবং নিজেদের যোগাযোগের ঠিকানাও প্রকাশ্যে আনতে হবে, যাতে সাধারণ মানুষ প্রয়োজনে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেই প্রেক্ষিতেই এই ঘটনায় কড়া অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন।

Be the first to comment