রোজদিন ডেস্ক : সাংবিধানিক পদে থেকে রাজ্যে সব পক্ষকে ধমক দেওয়া হচ্ছে বলে নাম না করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রতি মুখ্যমন্ত্রী এক সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, তিনি আছেন বলেই ওঁরা ভাল আছেন। না হলে অন্য সম্প্রদায় তাঁদের খতম করে দেবে।
আজ ব্রিগেডের সমাবেশে নাম না করে এই প্রসঙ্গে তীব্র ধিক্কার জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই সরকার সাধারণ মানুষ কে সুরক্ষিত রাখার বদলে অসুরক্ষিত করে তুলেছে। সাংবিধানিক কুর্সিতে বসে এমন কথা বলা যায় না৷ ধমকানোই টিএমসি-র রাজনীতি। ভোটার, বিরোধী, মিডিয়া সবাইকে এখানে ধমক দেওয়া হয়। টিএমসি যা করছে তা পুরো দেশের জানা দরকার।
সম্প্রতি টি এম সি সাংসদ মহুয়া মৈত্র মন্তব্য করেন, টিএমসি কে যারা ভোট দেয় না, তারা বাঙালিই না।
নাম না করে এই বক্তব্যরও তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী। বলেন, ওদের ভোট না দিলে কিছু দেবে না! সর্বত্র ভয়ের পরিবেশ বানিয়ে রাখা হচ্ছে।
তবে টিএমসি-র এই সব গুন্ডামির দিন এবার শেষ বলে হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। বলেন, এবার ওদের যাওয়ার সময় এসে গেছে।

Be the first to comment