রাজ্য প্রশাসনে ফের রদবদল

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে আরও একদফা রদবদল করল নবান্ন। মুর্শিদাবাদের জেলাশাসক নিতিন সিংহানিয়াকে বদলি করে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ-র চিফ এক্সিকিউটিভ অফিসার পদে আনা হল। অন্যদিকে কেএমডিএ-র সিইও সুরেন্দ্র কুমার মিনাকে মুর্শিদাবাদের জেলাশাসক করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, দার্জিলিংয়ের জেলাশাসক মনীশ মিশ্রকে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের বিশেষ সচিব পদে নিয়ে আসা হয়েছে। বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক বিবেক ভাসমে দত্তাত্রেয়কে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির সিইও করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসকের দায়িত্বও তিনি সামলাবেন। এছাড়া শিলিগুড়ি-জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির সিইও তথা দার্জিলিংয়ের অতিরিক্ত জেলাশাসক অর্চনা পন্ধারীনাথ ওয়াংখেড়েকে নদিয়ার অতিরিক্ত জেলাশাসক করা হয়েছে। দার্জিলিংয়ের মিরিকের এসডিও তেনজিং ওগেনকে বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের যুগ্ম-সচিব পদে আনা হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, বিভিন্ন জেলায় প্রশাসনিক কাজ আরও গতিশীল করতেই এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*