শক্তিনগর জেলা হাসপাতালে মাদকবিরোধী অভিযানে নাবালক সহ আটক ৩, বিধায়কের নির্দেশের পরই পুলিশের কড়া পদক্ষেপ

Spread the love

রমিত সরকার, কৃষ্ণনগর:
কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতাল চত্বরকে মাদকমুক্ত করতে বিধায়কের কড়া নির্দেশের পরই অ্যাকশনে নামল পুলিশ। মঙ্গলবার গভীর রাতে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ হাসপাতাল চত্বরে গোপন অভিযান চালিয়ে এক নাবালক সহ তিনজনকে আটক করে। ঘটনাকে ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা।

জানা গিয়েছে, সম্প্রতি কৃষ্ণনগর উত্তর বিধানসভার বিধায়ক তারক চট্টোপাধ্যায় শক্তিনগর জেলা হাসপাতাল পরিদর্শনে এসে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং হাসপাতাল চত্বরে বেড়ে ওঠা মাদকদ্রব্য সংক্রান্ত অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি প্রকাশ্যেই পুলিশ প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশের পরই সক্রিয় হয়ে ওঠে প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই হাসপাতাল চত্বরে অসামাজিক কার্যকলাপ, মাদক সেবন ও সন্দেহজনক ব্যক্তিদের আনাগোনার অভিযোগ উঠছিল। রোগীর পরিজন থেকে হাসপাতালের কর্মী— অনেকেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিশেষ করে রাতের দিকে হাসপাতালের বিভিন্ন কোণায় যুবকদের জমায়েত এবং নেশাজাতীয় দ্রব্য সেবনের অভিযোগ ক্রমশ বাড়ছিল।

এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার পুলিশ গোপনে নজরদারি চালায়। পরে হাসপাতাল চত্বরে হানা দিয়ে এক নাবালক সহ তিনজনকে আটক করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ গোটা চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে। যদিও পুলিশ এখনও সরকারি ভাবে বিস্তারিত কিছু জানায়নি, তবে হাসপাতাল এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে বলেই সূত্রের খবর।

এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষও কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। সাধারণ মানুষের একাংশের বক্তব্য, দীর্ঘদিন ধরে হাসপাতাল চত্বরে যে ধরনের পরিবেশ তৈরি হচ্ছিল, তাতে রোগী ও তাঁদের পরিবারের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল। পুলিশের এই অভিযানের ফলে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে বলে আশাবাদী তাঁরা।

অন্যদিকে, রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। বিধায়কের মন্তব্যের পর এত দ্রুত পুলিশের পদক্ষেপকে অনেকেই প্রশাসনিক সক্রিয়তার উদাহরণ হিসেবে দেখছেন। এখন দেখার, হাসপাতাল চত্বরকে সম্পূর্ণভাবে মাদক ও অসামাজিক কার্যকলাপমুক্ত রাখতে প্রশাসন আগামী দিনে কী ধরনের কড়া ব্যবস্থা গ্রহণ করে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*