রোজদিন ডেস্ক : নির্বাচনের দায়িত্বে থাকা বাসচালক ও কর্মীদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের ব্যবস্থা করল নির্বাচন কমিশন। আগামী ২৯ এপ্রিল দ্বিতীয় দফার ভোটে প্রায় ১,৫০০ বাস ও মিনিবাস নির্বাচন কাজে নিয়োজিত থাকবে। এতে প্রায় ৫,০০০ বাসকর্মী সরাসরি যুক্ত থাকবেন। ভোটের দিন ডিউটির কারণে তাঁদের যাতে নিজেদের কেন্দ্রে গিয়ে ভোট দিতে না হয় তার জন্য এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই প্রক্রিয়ায় অংশ নিতে গাড়ির মালিক ও সংগঠনগুলিকে নিকটবর্তী পাবলিক ভেহিকেলস ডিপার্টমেন্ট (পিভিডি) অফিস থেকে ফর্ম ১২ সংগ্রহ করে সংশ্লিষ্ট চালক ও কর্মীদের মধ্যে বিলি করতে বলা হয়েছে। নির্দেশ অনুযায়ী, চালক ও কর্মীদের সেই ফর্ম যথাযথভাবে পূরণ করে জমা দিতে হবে সংশ্লিষ্ট জেলা নির্বাচন দফতরে। সঙ্গে জমা দিতে হবে এপিক কার্ডের প্রতিলিপি, গাড়ির মালিকের ঘোষণাপত্র এবং গাড়ি রিকুইজিশনের কপিও। কমিশন সূত্রে আরও জানানো হয়েছে, আগামী ১৩ এপ্রিলের মধ্যে সমস্ত নথি-সহ ফর্ম ১২ জমা দিতে হবে। যদিও বাস মালিকদের একাংশ এই সময়সীমা বাড়ানোর আবেদন জানাতে চলেছেন। উল্লেখ্য, কয়েকদিন আগে বাসমালিক সংগঠনগুলির তরফে রাজ্য পরিবহণ দফতরের কাছে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আবেদন জানানো হয়েছিল। তাঁদের দাবি ছিল, নির্বাচনের ডিউটিতে থাকা বাসকর্মীদের ভোটাধিকার সুনিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হোক। তারপরই কমিশন এই সিদ্ধান্তের ঘোষণা করল।

Be the first to comment