রোজদিন ডেস্ক : নতুন আরও একটি বিদ্যুৎ কেন্দ্র পেতে চলেছে রাজ্য। রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে শালবনীতে এই কেন্দ্রটি গড়ে তোলা হবে। সহযোগিতায় থাকছে জিন্দাল গোষ্ঠী। রাজ্যে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে ১৬০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট গড়ে উঠবে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।বৈঠকের পর অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদার কথা মাথায় রেখে আগেই এই বিদ্যুৎ কেন্দ্র তৈরির জন্য দরপত্র ডাকা হয়েছিল। সেই দরপত্র প্রক্রিয়ার ভিত্তিতে জিন্দাল গোষ্ঠীকে দিয়ে পিপিপি মডেলে বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার প্রস্তাবে বুধবার মন্ত্রিসভা সায় দিয়েছে। প্রতি ইউনিট ৫.৮১ টাকা দরে বিদ্যুৎ সরবরাহের প্রস্তাব দিয়েছে জেএসডব্লিউ এনার্জি। ওই সংস্থার হাত ধরেই রাজ্যে ওই নিউ সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যান্ট গড়ে উঠবে। প্রকল্পের আওতায় দুটি ইউনিট থাকবে, প্রতিটির ক্ষমতা ৮০০ মেগাওয়াট করে হবে। বিশেষজ্ঞদের মতে, নিউ সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির ফলে অনেক কম জ্বালানিতে বেশি বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে এবং পরিবেশও রক্ষা পাবে।

Be the first to comment