রোজদিন ডেস্ক :
বিহারের বাঁকিপুর উপ-নির্বাচনে জয়ী ভোট কুশলী প্রশান্ত কিশোরের নজরে এবার রাজধানী দিল্লি। আগামীকাল সেখানে যাচ্ছেন তিনি। মূল উদ্দেশ্য, ওখানে থাকা পূর্বাঞ্চল বাসীদের একত্রিত করে নিজের দলের ছত্র ছায়ায় আনা। দিল্লিতে দলের সংগঠন বৃদ্ধির লক্ষ্যে স্টিয়ারিং কমিটি গঠন করবেন তিনি এমনটাই খবর। সেখানে বিশিষ্ট শিক্ষাবিদ, আইনজীবী, প্রাক্তন পুলিশ আধিকারিক প্রমুখ থাকতে পারেন।
এখন অবধি পাওয়া খবরে প্রকাশ, প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টি-তে (জেএসপি) আইনজীবী তথাগত হর্ষবর্ধন, শান্তনু কুমার, জে পি সিং প্রমুখ থাকতে পারেন৷ দলের মতাদর্শ, প্রশান্ত কিশোরের ভাবনাকে ছড়িয়ে দেওয়ার কাজ করবেন তাঁরা। বিশেষ কোন জনগোষ্ঠী, ধর্মীয় সম্প্রদায়কে গুরুত্ব না দিয়ে সবাইকে নিয়ে সমান ভাবে কাজ করতে চান তাঁরা।
আগামী বছর দিল্লির পুর নির্বাচনে প্রার্থী দিয়ে রাজধানীতে দলের ভিত্তি শক্তিশালী করাই তাঁদের প্রধান লক্ষ্য। উল্লেখ্য, প্রাক্তন ভোট কুশলী প্রশান্ত কিশোর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রমুখের রাজনৈতিক উত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। এখন তিনি নিজের দল তৈরি করে তাকে শক্তিশালী করার দিকে নজর দিচ্ছেন।

Be the first to comment