রোজদিন ডেস্ক : অসমের অকালপ্রয়াত জনপ্রিয় গায়ক “কাঞ্চনজঙ্ঘা” জুবিন গর্গ-কে শ্রদ্ধা জানালেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। আজ তিনি ওই রাজ্যে গিয়ে প্রয়াত গায়কের শেষকৃত্য যেখানে হয়েছিল সেখানে যান। তাঁকে হৃদয়ের অকৃত্রিম শ্রদ্ধা জানিয়ে রাহুল গান্ধী বলেন, তাঁর বয়েস যখন ১৭, তখন পর্বতারোহণের প্রশিক্ষণের জন্য সিকিম গেছিলেন। সেই তাঁর প্রথম কাঞ্চনজঙ্ঘা দর্শন। আজ জুবিন গর্গের শেষকৃত্য ভূমিতে কাঞ্চনজঙ্ঘার সেই স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, তরুণ বয়েসে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা র স্বচ্ছ ও সুদৃঢ় সৌন্দর্য তাঁকে মুগ্ধ করেছিল। আজ জুবিন গর্গের এখানে এসে সেই অনুভব হচ্ছে তাঁর।

রাহুল জানান, গৌরব গগই (অসমের কংগ্রেস নেতা) তাঁকে বলেছেন, জুবিন গর্গ নিজেকে কাঞ্চনজঙ্ঘা বলতেন। এখানে এসে জুবিন যে সেই তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘার মতই ছিলেন তা অনুভব করছেন তিনি নিজেও।
উল্লেখ্য, অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ গত মাসে সিঙ্গাপুরের সমুদ্রে আচমকা অসুস্থ হয়ে শেষ নিশ্বাস ফেলেন। এই রহস্যময় মৃত্যু নিয়ে গোটা অসম এখনও উত্তাল।
আজ অসমে প্রয়াত গায়কের পরিবার, তাঁর পিতার সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। জানান, কিভাবে তিনি প্রয়াত হলেন, সেই সত্য তাঁরা সবাই জানতে চান। সিঙ্গাপুরে আসলে কি হয়েছিল সরকারের উচিত তা দ্রুত অনুসন্ধান করে তাঁর পরিবারকে জানানো।

প্রয়াত গায়কের শেষকৃত্য ভূমিতে অসমের ঐতিহ্যবাহী “গামোসা” পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান তিনি। প্রয়াত গায়কের প্রিয় নাগকেশর গাছের একটি চারাও রোপণ করেন।
গৌরব গগই ছাড়া জিতেন্দ্র সিং, দেবব্রত শইকিয়া-সহ অন্যান্য নেতারা রাহুল গান্ধীর সঙ্গে ছিলেন।

গতকাল অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ রাহুল গান্ধীর আগমনের কথা শুনে তাঁকে স্বাগত জানান, সঙ্গে টিপ্পনী কেটে বলেন, জুবিন গর্গের মৃত্যুর ২৮ দিন পর রাহুল গান্ধী তাঁকে শ্রদ্ধা জানাতে এলেন!! দেরিতে হলেও তাঁরা একে স্বাগত জানাচ্ছেন। রাহুল গান্ধী, প্রিয়াংকা গান্ধীর মত নেতারা আসুন তাঁরাও চান বলে মন্তব্য করেন তিনি।

Be the first to comment