রোজদিন ডেস্ক :
গত ২০ জুলাই যন্তরমন্তরে পড়ুয়া, যুবদের ওপর প্রাণঘাতী বলপ্রয়োগের নির্দেশ কি তিনি দিয়েছিলেন? এই প্রশ্ন করে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ-কে চিঠি দিলেন লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী। চিঠিতে তিনি প্রশ্ন তোলেন, ওইদিন পড়ুয়াদের শান্তিপূর্ণ আন্দোলনের ওপর বর্বরোচিত আক্রমণের অনুমোদন কি তিনিই দিয়েছিলেন?
প্রসঙ্গত, গতকালই রাহুল গান্ধী অভিযোগ করেন, অমিত শাহর নির্দেশেই পুলিশ পড়ুয়াদের ওপর নির্মমভাবে ঝাঁপিয়ে পড়েছিল।
এবার এই নিয়ে সরাসরি অমিত শাহর কাছেই তিনি তা জানতে চান। পড়ুয়াদের ওপর সেদিন প্রাণঘাতী ছররা গুলি, লাঠি চালানো হয় বলে অভিযোগ করেন উদ্বিগ্ন রাহুল গান্ধী। এই নিয়ে তিনি জবাবদিহি দাবি করেন। বলেন, ওঁরা সুষ্ঠু শিক্ষাব্যবস্থার দাবি করছিলেন। তাঁদের কথা শোনার বদলে পুলিশ নির্বিচারে বল প্রয়োগ করে। মহিলা আন্দোলন কারীদের ও মারধর, গোপনাঙ্গ লক্ষ্য করে আঘাত করা হয়েছে। সারা দেশে এই নৃশংস ঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। দেশের ভবিষ্যৎ তরুণ ও শিক্ষার্থীরা এর জবাব ও দায়বদ্ধতা দাবি করছে। তাঁদের কন্ঠস্বর অবশ্যই শোনা হবে বলে ক্ষুব্ধ রাহুল গান্ধী জানান। তিনি ছররা গুলিতে আহত সাহিল লোচাবের কথাও বলেন। তাঁর একটি চোখ নষ্টর আশঙ্কাও জানান।
অমিত শাহর কাছে রাহুল গান্ধী জানতে চান, পড়ুয়াদের মারার নির্দেশ কে দিয়েছিলেন? যদি তিনি এই নির্দেশ না দেন, তবে কে দিয়েছিলেন বলে তিনি জানতে চান।
রাহুল গান্ধীর এই চিঠি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা এখন তুঙ্গে।
আগামীকাল সংসদে তাঁরা ফের এই প্রশ্ন তুলবেন বলে ওয়াকিবহাল মহল মনে করেন।

Be the first to comment